এবছর ফোকাস কাট্রি ফ্রান্স
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল ভারতের তৃতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। এই উৎসবের ৩০তম সংস্করণ উদযাপিত হবে আগামী ৪-১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবারের মতো সিনেমা দেখানো হবে নন্দন ১-২-৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রাধা স্টুডিও, নজরুল তীর্থ ১-২, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ সমস্ত সরকারি প্রেক্ষাগৃহ, সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ৩০তম KIFF (30th Kolkata International Film Festival) শতবর্ষ শ্রদ্ধা জানাবে তপন সিনহা, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতীদেবী, বংশী চন্দ্রগুপ্ত, মোহাম্মদ রফি, তালাত মাহমুদ, মদন মোহন, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোনি প্রমুখকে। বিশেষ শ্রদ্ধা জানানো হবে সদ্য প্রয়াত কুমার সাহানি, অনুপ মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রকে।
ধনধান্য প্রেক্ষাগৃহে আগামী ৪ ডিসেম্বর ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর (KIFF 2024) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশ-বিদেশের সম্মাননীয় অতিথিরা।

তপন সিনহার ১০০ বছর-এর বিশেষ প্রদর্শনী দেখা যাবে নন্দনে। KIFF-এর ৩০ বছরের জার্নি উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায়।
এবছর উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার উল্লেখযোগ্য চলচ্চিত্র, রবি ঘোষ অভিনীত ‘গল্প হলেও সত্যি’। ২০২৪-এর এই উৎসবে ফোকাস কাট্রি ফ্রান্স। এবছর চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে সর্বমোট ২৪৫৯টি ছবি জমা পড়েছিল। তার মধ্যে থেকে জুরিরা বেছে নিয়েছেন ১৭৫টি ছবি (পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র মিলিয়ে)। ৩০টি দেশ যেমন ভারত, ফ্রান্স, রোমানিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, ইতালি, জর্জিয়া, পেরু, জার্মানি, পর্তুগান, ডেনমার্ক, চিন, স্পেন, লিথুয়ানিয়া, ফিলিপিন্স, ব্রাজিল, সিঙ্গাপুর, ইরান, অস্ট্রিয়া, কানাডা, মরক্কো, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, হংকং, জাপান, বুলগেরিয়া, মেক্সিকো-র ছবি দেখানো হবে কলকাতার ২০টি প্রেক্ষাগৃহে। উল্লেখযোগ্য বিষয়, মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত কয়েকবছর ধরে নন্দন চত্বর ছাড়াও ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনগুলিতেও ছবি দেখানো হয়। এবছরও তার অন্যথা হয়নি। এই সিঙ্গেল স্ক্রিনগুলির মধ্যে রয়েছে নবীনা, নিউ এম্পায়ার, অজন্তা, মেনকা, স্টার ও গ্লোব।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের চেয়ারম্যান তথা পরিচালক গৌতম ঘোষ, ফ্রান্সের প্রতিনিধি নিকোলা ফ্যাসিনো, অভিনেতা অর্জুন চক্রবর্তী। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “বাংলা আরও আলোকময় হোক শিল্প-সংস্কৃতির মাধ্যমে। কারণ বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ ইন্ডিয়ান কালচার।”
গৌতম ঘোষ মনে করিয়ে দেন এই উৎসবের প্রথম বছর অর্থাৎ ৩০ বছর আগে তিনিই ছিলেন প্রথম চেয়ারম্যান। এবছর তাঁর নতুন বাংলা ছবি পরিক্রমা-র এশিয়ান প্রিমিয়ার হবে স্পেশাল স্ক্রিনিংয়ে।
উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পৃথিবীর একমাত্র উৎসব যেখানে পুরস্কারমূল্য সবচেয়ে বেশি। এছাড়া চলচ্চিত্র জমা দেওয়ার সময় কোনো প্রবেশমূল্যও লাগে না। যার ফলে পৃথিবীর সকল শ্রেণির সকল বয়সের স্বাধীন চলচ্চিত্র পরিচালক-প্রযোজকরা নিজেদের ছবি জমা দিতে পারেন। অন্যান্যবারের মতো এবারেও থাকছে গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতা বিভাগ – আন্তর্জাতিক প্রতিযোগিতা(Innovation of Moving Images), ভারতীয় ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা (Competition on Indian Language's Films), এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড (Asian Select NETPAC Award), ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা(Competition on Indian Short Films), ভারতীয় তথ্যচিত্র প্রতিযোগিতা (Competition on Indian Documentary Films) এবং বাংলা প্যানোরমা (Bengali Panorama)।
এবছর উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার উল্লেখযোগ্য চলচ্চিত্র, রবি ঘোষ অভিনীত গল্প হলেও সত্যি। ২০২৪-এর এই উৎসবে ফোকাস কাট্রি ফ্রান্স। এবছর চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে সর্বমোট ২৪৫৯টি ছবি জমা পড়েছিল।

তপন সিনহার ১০০ বছর-এর বিশেষ প্রদর্শনী দেখা যাবে নন্দনে। KIFF-এর ৩০ বছরের জার্নি উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায়। সদ্য প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর চোখ দেখানো হবে 35 mm ক্যামেরায়। ৬ ডিসেম্বর শিশির মঞ্চে সদ্য প্রয়াত পরিচালক গৌতম হালদার ও সাউন্ড ডিজাইনার অনুপ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে দেখানো হবে ভালো থেকো, সেই উপলক্ষ্যে শহরে আসছেন অভিনেত্রী বিদ্যা বালান। ১১ ডিসেম্বর রবীন্দ্র সদনে তপন সিনহার ছবির জীবিত অভিনেতা ও কলাকুশলীদের সম্মানিত করা হবে।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ৩০তম সংস্করণ উদযাপিত হবে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায়। একতারা মঞ্চে প্রতিদিন থাকবে সিনে আড্ডা, শিশির মঞ্চ ও রবীন্দ্র সদনে থাকবে নানান বিষয়ের উপর সেমিনার ও মাস্টারক্লাস। এই সিনে-উৎসব ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (FIAPF) দ্বারা স্বীকৃত।
______
প্রতিবেদক : সুমন সাধু