গোটা পার্ক জুড়ে সৌমিত্র’র স্মৃতি, অপুকে শ্রদ্ধা জানাচ্ছে তিলোত্তমা

নিউটাউনে তৈরি হচ্ছে একটি থিম পার্ক, যার নাম দেওয়া হবে ‘অপুর সংসার’

সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে এবার শহর কলকাতার নতুন ট্রিবিউট। রাজারহাটের নিউটাউনে তৈরি হচ্ছে একটি থিম পার্ক, যার নাম দেওয়া হবে ‘অপুর সংসার’। সত্যজিৎ রায় পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত প্রথম বাংলা ছবি এই অপুর সংসার। সেই ছবির থিমকে কেন্দ্র করে নির্মিত হবে এই পার্ক।

অপু ট্রিলজির শেষতম ছবি ‘অপুর সংসার’। যেখানে দেখানো হয়েছে অপুর চাকরি জীবন, অপর্ণার সঙ্গে বিয়ে, অপর্ণার চলে যাওয়া এবং সন্তান কাজলের সঙ্গে বন্ধুত্ব হওয়া। ১৯৫৯ সালে মুক্তি পায় এই ছবি। দর্শক সাদরে গ্রহণ করেছিল সৌমিত্র-শর্মিলা জুটিকে। সম্মাননা হিসেবে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট পুরস্কার, ন্যাশনাল বোর্ড অফ রিভিউ, এডিনবরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার। এছাড়াও বাফটা পুরস্কারেও মনোনীত ছিল এই ছবি।

অপুর সংসার (১৯৫৯)

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সংস্থা হিডকো বা ওয়েস্টবেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই পার্ক তৈরির ঘোষণা করেছে। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন তা নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। অতি শীঘ্রই শুরু হবে পার্ক নির্মাণের কাজ। অপুর সংসার থিম পার্কে দেখা যাবে সিনেমার আদলে তৈরি নানা দৃশ্য। নিউটাউনের প্রবীণ নাগরিকদের জন্য গড়া বৃদ্ধাশ্রমের পাশেই গ্রিন ভার্জেইতে গড়া হচ্ছে পার্কটি। আগামী দুই মাসের মধ্যে এই পার্কের নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হচ্ছে কাজ।

যদিও হিডকো বছর দুয়েক আগে এই নিউটাউনেই তৈরি করেছিল সত্যজিৎ রায় স্মরণে ‘সোনার কেল্লা’ থিম পার্ক। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে এবং তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে হিডকোর এই সিদ্ধান্তে খুশি অপুর শহর।

Post Tags
Developed by DXDasia