বেসরকারিকরণের স্রোতে বিপরীত দিকে হাঁটছে বাংলা

সরকারি প্রকল্পে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ

আজ এবং আগামীকাল দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিলগ্নিকরণের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার প্রতিবাদেই ধর্মঘট। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, ব্যাংক বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা উপার্জন। একটি বিমা সংস্থাকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা বলেছেন নির্মলা। বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে ধর্মঘটে নামবেন জীবন বিমা নিগম (এলআইসি)-র কর্মী ও অফিসারেরা।

প্রতিবাদের উপায় হিসেবে একুশ শতকে ধর্মঘট কতটা উপযোগী, তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু একথা স্পষ্ট, বেসরকারিকরণকে পাখির চোখ করেছে কেন্দ্রীয় সরকার। গত বছর নির্মলা সীতারমন জানান, আত্মনির্ভর ভারত দাঁড়িয়ে থাকবে নতুন পাবলিক সেক্টর এন্টারপ্রাইস নীতির ওপর। কয়লা, প্রতিরক্ষা, বিমান পরিবহন, বিদ্যুৎ, এমনকি মহাকাশ গবেষণাতেও বেসরকারি সংস্থার অনুপ্রবেশ ঘটানোর ইঙ্গিত দেন। এবারে বাজেটে তিনি ঘোষণা করেছেন, হাতে গোনা কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা ছাড়া বাকিগুলির বেসরকারিকরণ করা হবে। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সরকারের কাজ শিল্পসংস্থা এবং ব্যবসার ক্ষেত্রে সহায়তা করা। তাদের পাশে থাকা। তার জন্য সরকার নিজে শিল্প সংস্থা কিনবে এবং ব্যবসা পরিচালনা করবে তা জরুরি নয়।”   

কেন্দ্রীয় সরকার যখন বিলগ্নিকরণের বেড়াল ঝুলি থেকে বের করে ফেলেছে, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু হাঁটছে সম্পূর্ণ উলটো পথে। একের পর এক সরকারি প্রকল্পের মাধ্যমে জনকল্যাণে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের পুরস্কার জিতে নিয়েছে ‘কন্যাশ্রী’, ‘উৎকর্ষ বাংলা’ এবং ‘সবুজ সাথী’ প্রকল্প। নারী ক্ষমতায়নের জন্য নেওয়া হয়েছে ‘স্বাবলম্বন’, ‘সবলা’-র মতো উদ্যোগ। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক মনে করছেন রাজনৈতিক মহল। সাধারণ মানুষ বিনা খরচে সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা পান আমাদের রাজ্যে। কার্ড দেওয়া হয় গৃহকর্ত্রীর নামে, যার আওতায় থাকবেন পরিবারের বাকি সদস্যরা। মিলছে পরিবার পিছু  ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিত্সার সুযোগ। 

কেবল স্বাস্থ্য পরিষেবা নয়, রাজ্যবাসীদের কেউ যাতে অনাহারে না থাকেন, সেই ব্যবস্থাও করেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘খাদ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারকে ২ টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হয়। পরিবারের প্রত্যেকে সর্বাধিক ৫ কিলো চাল বা গম পেতে পারবে এক মাসে। ঘরে ঘরে ডিজিটার রেশন কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও ‘গতিধারা’, ‘আনন্দধারা’, ‘শিশু সাথী’, ‘পথ সাথী’, ‘লোকপ্রসার’, ‘শিক্ষাশ্রী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান – একগুচ্ছ প্রকল্প চালু রয়েছে রাজ্যে।

স্বাধীন হওয়ার পর মিশ্র অর্থনীতির পথে এগোচ্ছিল আমাদের দেশ। ইন্দিরা গান্ধির আমলে সংবিধানে যুক্ত হয় ‘সমাজতন্ত্র’ কথাটি। তবে সোভিয়েত রাশিয়ার মতো একদলীয় মডেল তা নয়। ব্যাংক জাতীয়করণ, রাজন্য ভাতার বিলোপ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করে সমাজতন্ত্রের দিকে আরও এগিয়ে যান প্রধানমন্ত্রী ইন্দিরা। এই অগ্রগতি ধাক্কা খায় ১৯৯১-দশকের শুরুতে, প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের জমানায়। ঘোষিত হল ‘উদারীকরণ’ নীতি। সরাসরি বিশ্বায়ন ঢুকে পড়ল ভারতে। 

পশ্চিমবঙ্গে বাম সরকার ভূমিসংস্কার এবং অন্যান্য জনমুখী কর্মসূচি নিলেও একুশ শতকে সিঙ্গুর-নন্দীগ্রামে জোর করে বেসরকারি শিল্প গড়তে গিয়ে সমালোচিত হয় নানা মহলে। এমন অবস্থায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা সরকারি প্রকল্প আবার সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া বলে মনে করছেন বেশ কয়েকজন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞ। এমনকি তাঁকে বিকল্প বাম কিংবা ‘নিউ লেফট’ বলেও তুলে ধরছেন কেউ কেউ। বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী অশোকেন্দু সেনগুপ্ত বললেন, “রাজ্য সরকারের প্রকল্পগুলি নিঃসন্দেহে পিছিয়ে পড়া মানুষের কাজে লাগছে। সমাজতন্ত্র অনেক বড়ো ব্যাপার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই পথের কয়েকটা ধাপ অবশ্যই এগিয়েছে।” কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার যে নতুন দিশা এনেছে, তাতে কোনো সন্দেহ নেই। 
 

Developed by DXDasia