June 29, 2017 | 12:00 PM

বাংলা, নেপালি ও সাঁওতালি সিনেমায় ছাড়

বাংলা, নেপালি ও সাঁওতালি – এই তিন আঞ্চলিক ভাষার সিনেমার ক্ষেত্রে বাড়তি কর আদায় না-করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। যদিও জিএসটির করের অর্ধেকই প্রাপ্য রাজ্যের। অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, এখন যে ২% হারে কর নেওয়া হয়, শুধু সেটুকুই জারি থাকবে। বাংলার চলচ্চিত্র শিল্পকে বাঁচাতেই নবান্নের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

জিএসটি ব্যবস্থা চালু করার ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত ছিল সব আঞ্চলিক ভাষার সিনেমাতেই ২৮% কর লাগু করা। প্রতিবাদের পর, ১০০ টাকা পর্যন্ত দামের টিকিটে কর ১৮%-এ নামিয়ে আনে কেন্দ্র। টিকিটের দাম ১০০ টাকা পর্যন্ত হলে জিএসটির ৯% ও তার চেয়ে বেশি দামের টিকিটে জিএসটির ১৪% রাজ্যের প্রাপ্য। কিন্তু প্রতিক্ষেত্রেই রাজ্য সরকার মাত্র ২% কর নেবে। অমিত মিত্র জানান, বাংলা, নেপালি ও সাঁওতালি সিনেমায় এই করবিন্যাস প্রযোজ্য হবে সিঙ্গল স্ক্রিন হলগুলির ক্ষেত্রে।