
বলা যায় ইলিশ মাছের দখল নিল বাংলাদেশ।ঐতিহাসিক তথ্য প্রমাণ দিয়ে আন্তর্জাতিক ট্রেড মার্ক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ আবেদন জানিয়ে বলেছিল, ইলিশ আসলে ভৌগোলিক ভাবে বাংলাদেশের নিজস্ব পণ্য। সেই বিচারেই ওই আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ইলিশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জি আই সার্টিফিকেট পেতে চলেছে বাংলাদেশ। এখন প্রশ্ন হল, দুনিয়ার কাছে যদি শুধু বাংলাদেশের ইলিশকেই ইলিশ বলা হয় তাহলে ভারতের বা মিয়ানমারের ইলিশকে আমরা কী নামে ডাকব? শেক্সপিয়ার বলেছিলেন বটে নামে কী এসে যায়! কথাটা শুনতে ভাল হলেও, গোলাপকে কি আর নয়নতারা বলে ডাকা যায়! নাকি এই সব চক্করে পড়ে বাংলাদেশের ইলিশকে ইলিশ বলে ডাকতে হবে আর আমাদের ইলিশকে বলতে হবে, ইলিশ(কোলা) বা ইলিশ (ডায়মন্ড)! কে জানে!
বাংলাদেশ দাবি করছে, আন্তর্জাতিক ট্রেডমার্ক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাংলাদেশের সব সংবাদমাধ্যমে বড় করে এই খবর প্রকাশিতও হয়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এইকথা বলে সংবাদ মাধ্যমগুলি লিখেছে, জিআই সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। শুধু বাংলাদেশের হাতে জি আই সার্টিফিকেটের হস্তান্তর টুকুই বাকি। বাংলাদেশের দাবি সত্যিই হলে ভবিষ্যতে হয়তো আমাদের এই বাংলায় ভাপে ইলিশকে বলতে হবে ভাপে কোলা বা ভাপে ডায়মন্ড।