
প্রথমে সহজে মুক্তি দিলেও জনমতের প্রবল চাপে হরিয়ানার বিজেপি প্রধান সুভাষ বারলার ছেলে ও তার বন্ধুকে গ্রেফতার করল চণ্ডীগড় পুলিশ। এবার বিকাশ বারলা এবং আশিস কুমারের বিরুদ্ধে আইএএস অফিসারের কন্যাকে অপহরণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। চণ্ডীগড়ের ডিজিপি তেজেন্দর সিং লুথরা অবশ্য এই গ্রেফতারির পিছনে রাজনৈতিক কোনও চাপের কথা স্বীকার করেননি।
শনিবার আইনের ছাত্র বিকাশ এবং তার বন্ধু আশিস চণ্ডীগড়ের সেক্টর-৭-এ বর্ণিলা কুণ্ডুর গাড়িকে ধাওয়া করে এবং এবং জোর করে তাঁর গাড়ির দরজা খুলে ঢুকে পড়ার চেষ্টা করে বলে অভিযোগ। বর্ণিলার অভিযোগ, ওই দুই তরুণই মত্ত অবস্থায় ছিল এবং তাঁর গাড়ি আটকে ছিল। শনিবার পুলিশ অভিযুক্তদের আটক করলেও কিছুক্ষণের মধ্যেই তারা জামিন পেয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি সামনে এলে বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ সমালোচনার ঝড় তোলেন।