August 19, 2017 | 12:00 PM

৮ বছর বয়সেই ক্যারাটেতে সোনা বাংলার অরিঞ্জিতার

নিছক আত্মরক্ষার তাগিদেই মাত্র ছ-বছর বয়সে ক্যারাটে শিখতে শুরু করেছিল অরিঞ্জিতা। সে মেয়েই যে মাত্র দু বছরের মাথায় জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সোনা জিতে গর্বিত করল বাংলাকে। ক্লাস থ্রি-র ছাত্রীর হাত দিয়ে সর্বভারতীয় স্তরে সোনার যুগে ফিরল বাংলার ক্যারাটে। গত ২৯ জুলাই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে হওয়া তৃতীয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগেই সোনা জেতে বারাসতের অরিঞ্জিতা দে। 

মাস কয়েক আগে দিল্লিতে জাতীয় স্তরেও সোনা জিতেছিল সে। প্রশিক্ষক ভোলানাথ সাউ বলছেন, ওর প্রতিভা আছে, এটা আমি প্রথম দিন দেখেই বুঝেছিলাম। 

অরিঞ্জিতা বলে, তার এক দাদার উৎসাহেই ক্যারাটে শিখতে শুরু করে সে। বাবা-মাও ভেবেছিলেন আর কিছু হোকনা হোক ক্যারাটে শিখলে নিজেই আত্মরক্ষা করতে পারবে সে। আর এখন এক রত্তি মেয়ের এই সোনার সাফল্যে তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন আত্মীয়-পরিজন থেকে পাড়া-প্রতিবেশী সকলেই।