August 3, 2017 | 12:00 PM

উত্তর কোরিয়া নিয়ে সুর নরম করল আমেরিকা

উত্তর কোরিয়ার ক্রমাগত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি হুমকি ছেড়ে সুরও নরম হয়েছে আমেরিকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, আমরা উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার চিন্তা করছি না। আমরা ওখানকার সরকারের পতনও চাইছি না, কোরীয় উপদ্বীপের পুনঃএকত্রীকরণের বিষয়েও কিছু বলার নেই আমাদের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উত্তর কোরিয়ার শত্রু নই। আমরা তাদের জন্য কোনো হুমকিও নই।

তবে উত্তর কোরিয়া ক্রমাগত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যে হুমকি তৈরি করছে তাকে ‘গ্রহণযোগ্য নয়’ মন্তব্য করে যুক্তরাষ্ট্র অনেকটা নরম সুরেই বলছে, তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

সম্প্রতি পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে দাবি করে বলে যে, যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আওতার মধ্যে রয়েছে।