July 13, 2017 | 12:00 PM

অমর্ত্য সেনের বক্তব্যে সেন্সর, নিন্দায় সরব রাজ্য

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী থেকে বিদ্বৎ মহলের একটা বড় অংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, প্রতিটি বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা চলছে, এবার অমর্ত্য সেন। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, এটা কালচারাল ইমার্জেন্সি কি না জানি না, তবে যে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক।

নবনীতা দেবসেনের দাবি, এটা অ্যাকাডেমিক বিষয়, বিনোদন নয়, তাহলে সেন্সরশিপের প্রশ্ন ওঠে কোথা থেকে। শঙ্খ ঘোষ বলেন, স্পর্ধা যে কতদূর পৌঁছচ্ছে, ঘটনাটি তার এক লজ্জাজনক নজির। তথ্যচিত্রের পরিচালক সুমন ঘোষ জানিয়েছেন, ছবিটি অক্ষত অবস্থাতেই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে। তাছাড়া হিন্দুত্ব গুজরাট গরু- এই সব শব্দ প্রতিনিয়ত মিডিয়া এবং অন্য জায়গায় উচ্চারিত এবং লিখিত হয়। তাহলে কি অচিরেই সেই সব ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বসতে চলেছে? এনিয়েই এখন সরব রাজ্যের বুদ্ধিজীবী মহল।