কোভিড কালে শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে আর্টিস্ট ফোরাম

আর্টিস্ট ফোরাম ও এক ক্লাবের প্রচেষ্টায় শুরু হতে চলেছে ২৫ শয্যার সাময়িক চিকিৎসা কেন্দ্র

বাংলার শিল্পীদের পাশে আর্টিস্ট ফোরাম। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের কাছে ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারের কমপ্লেক্সে আর্টিস্ট ফোরাম এবং এক ক্লাবের মিলিত প্রচেষ্টায় শুরু হতে চলেছে ২৫ শয্যার সাময়িক চিকিৎসা কেন্দ্র।

আর্টিস্ট ফোরাম এর আগেও শিল্পীদের পাশে থেকেছে। গতবছর লকডাউনে প্রায় ৭০০ জন শিল্পীকে তিন মাস অর্থ দিয়ে সাহায্য করেছিল। এমনক কলাকুশলীদের জন্য ফেডারেশনের হাতে তুলে দিয়েছিল তিন লক্ষ টাকা। তবে এখন টাকার চেয়েও জরুরি হয়ে উঠেছে সাময়িক চিকিৎসা। কোভিড পজিটিভ শিল্পীরা সাময়িক চিকিৎসার সুযোগ পাবেন ওই সেন্টারে। এবং এই চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। চিকিৎসার পাশাপাশি থাকবে অক্সিজেন ও থাকা-খাওয়ার ব্যবস্থাও।আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন, ফোরামের ৩০০০ সদস্য ও তাঁদের পরিবার এই পরিষেবার আওতায় থাকবেন। এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। তিনি জানিয়েছেন, সেন্টারটি ৮৯ ও ৯৩ ওয়ার্ডের মধ্যে পড়ছে। তাই এই দুই ওয়ার্ডের বাসিন্দারাও পরিষেবা পাবেন।

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করে সেন্টারটির নাম রাখা হয়েছে ‘সৌমিত্র’।

ছবিঃ প্রতীকী

Developed by DXDasia