‘কাঁথিতে উত্তরপ্রদেশের ৩০ জন দুষ্কৃতি ধরা পড়েছে, গুন্ডাগুলো কোথায় আশ্রয় নিচ্ছে সব জানি’

২৭ মার্চ, শনিবারই শুরু হচ্ছে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব

২৭ মার্চ, শনিবারই শুরু হচ্ছে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। তার আগের দিনই, দাসপুরের জনসভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কাঁথি বাসস্ট্যান্ড থেকে ৩০ জন সশস্ত্র দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

শুক্রবার পশ্চিম মেদিনীপুরে তিনটি জনসভা করবেন তৃণমূল নেত্রী। প্রথম জনসভা করেন দাসপুরে। সেখানে তিনি বহিরাগত ইস্যুতে ফের বিজেপিকে কটাক্ষ করেন। বলেন, আমার কথার দাম আছে। আজ প্রমাণ হয়ে গেছে বাইরের গুন্ডারা বাংলায় ঢুকছে। উদ্দেশ্য ভোট লুট।

চন্দ্রকোনার সভা থেকে মমতা ব্যানার্জি বলেন, বহিরাগত গুন্ডারা কার কার বাড়িতে আশ্রয় নিয়েছে সব জানি। মীর্জাফররা বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে। কিন্তু তাতে কোনও লাভ নেই। সবাইকে দেখে রেখেছি। পালানোর পথ পাবে না।

দাসপুরের সভা থেকে তিনি আরও বলেন, নন্দীগ্রামে হলদিয়ার বড় বড় গুণ্ডাদের আনা হয়েছে। চিন্তা নেই মা-বোনেরা। আমি মেদিনীপুরে যাচ্ছি ২৮ তারিখ। সব লক্ষ্য রাখব। নন্দীগ্রামে ভোটগ্রহণ শেষ করে তারপর আমি মেদিনীপুর ছাড়ব। রেল, সেল, বি এস এন এল বিক্রি করে সেই টাকা নিজেদের পকেটে রেখে দিয়েছে। ওই গুলো আপনাদের টাকা। মমতার প্রশ্ন, বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। গুজরাতের দাঙ্গা ভুলে গেছেন?

Developed by DXDasia