‘ক্ষমতায় এলে বেছে বেছে মারব’, পুরুলিয়ার জনসভায় যোগীর গলায় হুমকির সুর

অমিত শাহ, স্মৃতি ইরানিদের সঙ্গে বাংলার মাটিতে পা রেখেছেন যোগী আদিত্যনাথ

প্রার্থী খুঁজে না পাওয়া, প্রার্থীতালিকা কেন্দ্র করে বিক্ষোভ, গোষ্ঠীদ্বন্দ্ব এসব নিয়ে ঘুম ছুটেছে বিজেপির ‘হেভিওয়েট’ নেতা-মন্ত্রীদের। যেন তেন প্রকারেণ বাংলার মসনদ দখল করতে মরিয়া তাঁরা। এমনকি, বাংলা নয়, বাংলার বাইরের তাবড় তাবড় বিজেপি নেতা-মন্ত্রীদের আনা হচ্ছে বিধানসভা নির্বাচনের হাতিয়ার হিসেবে। অমিত শাহ, স্মৃতি ইরানিদের সঙ্গে বাংলার মাটিতে পা রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, মঙ্গলবার পুরুলিয়ায় জনসভা করে হুঁশিয়ারি দেন তৃণমূল সরকারকে।

যোগী বলেন, ‘‘তৃণমূলের হাতে আর ৪৫ দিন সময় রয়েছে। ২ মে-এর পর তৃণমূলের বিদায় নিশ্চিত। এই অরাজকতা দীর্ঘদিন চলতে পারে না। ক্ষমতায় এলে তৃণমূলের গুণ্ডাবাহিনীকে বেছে বেছে মারব।’’

বলরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতোর সমর্থনে বলরামপুরে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তিনি আকাশপথে বলরামপুর পৌঁছন। হেলিপ্যাড থেকে ৪ কিলোমিটার সড়ক পথে এসে সরাই ময়দানে সভা করেন তিনি।     

Developed by DXDasia