
রাজ্যে দ্বিতীয় দফায় অর্থাৎ ১ এপ্রিল ভোট সেখানে
১০ মার্চ মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সুস্থ হয়ে কয়েক দিনের মধ্যেই তিনি জেলা সফরে বেরোন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, খেজুরি, কাঁথিতে সভা করলেও নন্দীগ্রামে আর যাননি। তবে, ভোটের আগে নিজের কেন্দ্রে যাবেন না, তা কি হয়? জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২৮ মার্চ রবিবার ‘অন্যরকম’ দোলের সাক্ষী থাকতে চলেছে নন্দীগ্রামবাসী।
রাজ্যে দ্বিতীয় দফায় অর্থাৎ ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। তার কয়েক দিন আগেই তিনি নন্দীগ্রাম যাবেন বলে শোনা যাচ্ছিল। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ মার্চ রবিবার দোলের দিনই নন্দীগ্রামে পৌঁছতে পারেন তৃণমূলনেত্রী।
নিজের আসনে শেষপর্বের প্রচার তিনি নন্দীগ্রামে থেকেই সারতে চান, এমনটাই জানা যাচ্ছে। দোলে সারাদিন নন্দীগ্রামেই কাটানোর কথা মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামেরই তেখালির সভায় মমতা ইচ্ছাপ্রকাশ করে বলেছিলেন, ‘আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে যদি এবার আমি দাঁড়াই, কেমন হয়?’। এরপর গত ৫ মার্চ তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার সময় মমতা নিজেই জানিয়ে দেন, তিনি নন্দীগ্রাম থেকেই লড়ছেন। তৃণমূলনেত্রী বলেন, ‘‘আমি নন্দীগ্রামেই লড়ছি। আমি যখন কথা দিই, কথা রাখি।’’
ছবি সৌজন্যেঃ মমতা বন্দ্যোপাধ্যায় (অফিসিয়াল ফেসবুক পেজ)
