
মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১৯ মার্চ (শুক্রবার)
গৃহযুদ্ধ এখনও জারি রয়েছে, তার মধ্যেই, বুধবার বিধানসভা ভোটের জন্য বিজেপি-র তরফে ঘোষিত হল আরও ৪ প্রার্থীর নাম। সেই প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন রয়েছেন ‘একদা বামপন্থী’ তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী।
ঠিক এক মাস আগে, গত ১৭ ফেব্রুয়ারি শহরের এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দিয়েছিলেন পাপিয়া। হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১৯ মার্চ (শুক্রবার)। অর্থাৎ, কার্যত পাপিয়ার হাতে রয়েছে আর দু’দিন।
প্রসঙ্গত, এ বারের বিধানসভা ভোটে পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, অঞ্জনা বসুর মতো অনেক অভিনেতা-অভিনেত্রীকেই প্রার্থী করেছে বিজেপি। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন পাপিয়া।
শুভেন্দু অধিকারী ছাড়া বিধানসভা ভোটের জন্য গঠিত রাজ্য বিজেপি-র কোর টিমের বাকি সদস্যেরা মঙ্গলবার রাতে দিল্লি গিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে বুধবার সন্ধ্যায় ৪ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। অন্য প্রার্থীরা হলেন, হাওড়ার জগৎবল্লপভপুর কেন্দ্রে অনুপম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিধান পাড়ুই এবং বারুইপুর-পূর্ব (এসসি) কেন্দ্রে চন্দন মণ্ডল।
