
আগামীকাল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে ভোট
আগামীকাল সেই দিন। আগামীকাল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে ভোট।তার আগে আজ সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির।সিঙ্গুরের অদূরে ধনেখালিতে সভা করবেন বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
আজ প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা করবেন মমতা। তারপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তিনি। তাঁর তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়। বেলা সাড়ে এগারোটা নাগাদ হুগলির ধনিয়াখালিতে জনসভা করবেন নাড্ডা। এরপর দুপুর একটায় আরামবাগ মহকুমার পুরশুড়ায় রোড শো রয়েছে তাঁর। সেখান থেকে বেলুড় মঠ পরিদর্শনে যাবেন বিজেপি সভাপতি। তারপর হাওড়ার শিবপুরে সাংগঠনিক সভা করবেন তিনি।
প্রসঙ্গত, এবার সিঙ্গুরে তৃণমূল প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন বেচারাম মান্না। অন্যদিকে, টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলত্যাগী রবীন ভট্টাচার্য গেরুয়া শিবিরের প্রার্থী। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে।
