
উত্তরপাড়ায় প্রচারে গিয়ে বক্তব্য রাখেন বিধানসভার তৃণমূল প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক
তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণার পর শনিবার উত্তরপাড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিধানসভার তৃণমূল প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। সেখানেই নাম না করে উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক, বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষালের প্রতি কটাক্ষ ছুঁড়ে বলেন, “দশ বছর ধরে ক্ষমতা ভোগ করে, মধু খেয়ে এখন কেউ কেউ বলছেন যে দমবন্ধ হয়ে আসছে। কাজ করতে পারছেন না। তাই উড়ে গিয়ে অন্য দলে নাম লিখিয়েছেন। তাঁদের জবাব দিতেই আমি দিদির পাশে এসে দাঁড়িয়েছি। এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের প্রার্থী।”
এদিন তিনি আরও জানান, তিনি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। কোনও তারকা বা নেতা নন। অভিনেতা-অভিনেত্রীদের মহলে খোঁজ নিলেই এসব জানতে পারা যাবে। রাজ্যের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে সবাইকে এক হয়ে লড়াইয়ে নামার আবেদন করেন তিনি। পর্দার চেনা ভঙ্গিতেই কাঞ্চন আরও বলেন, “দলছুটরা কান ধরে ফিরবে। ২ মে’র পর মিলিয়ে নেবেন। আমি বাইরে রোগা, ভিতরে দারোগা। মরব, একবার মরব। যদি কেউ মারে এখানে মেরে দেখাক।”
