শিয়রে ভোট; এখনও ১০টি আসনে প্রার্থী ঘোষণা বাকি বিজেপির

চার দফায় বাকি ২৮৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে গেরুয়া শিবির

শিয়রে ভোট, অথচ, কলকাতার রাসবিহারি-সহ মোট ১০টি আসনে প্রার্থীদের নাম এখনও জানানো হয়নি। বৃহস্পতিবার বিকেলে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের দফতর থেকে দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়। সেখানে দেখা যায়, ১০টি আসন ছেড়ে চার দফায় বাকি ২৮৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে গেরুয়া শিবির।

পাহাড়ের তিন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। বাঘমুণ্ডি আসনটি ছাড়া হয়েছে জোট শরিক আঢ়ষু-কে। অপরদিকে, মতুয়া সম্প্রদায়ের পীঠস্থান বনগাঁর তিন আসনেও এখনও প্রার্থী দেয়নি বিজেপি। গাইঘাটা বিধানসভা এলাকাতেই রয়েছে মতুয়াদের ঠাকুরবাড়ি। গাইঘাটা-সহ বনগাঁ উত্তর এবং বাগদায় প্রার্থী দেওয়া হয়নি। অথচ, বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ও বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর দলবদল করে বিজেপি-তে যোগ দিয়েছেন বহু আগেই। কিন্তু এই দু’জনের নাম এখনও ঘোষণা করেনি পদ্মশিবির।

প্রসঙ্গত, ২০০৯ সালের লোকসভা ভোট থেকেই পাহাড়ের রাজনীতিতে বিজেপি পথ চলেছে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে। কিন্তু ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে পাহাড়ের তিন বিধানসভা নিজেদের দখলে রেখেছিলেন বিমল গুরুং। কিন্তু মোর্চা প্রধানের পাহাড় থেকে অন্তর্ধানের পর বিধায়করা তৃণমূল-ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বৃহস্পতিবার পর্যন্ত প্রার্থিতালিকায় দার্জিলিং-সহ কালিংম্পং ও কার্শিয়াংয়ে প্রার্থীদের নাম জানায়নি বিজেপি। কিন্তু এই তিন আসনে বিজেপি যে নিজেদের প্রতীকেই প্রার্থী দেবে, তা বহু আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এছাড়াও, মুর্শিদাবাদ জেলার ২১টি আসনে প্রার্থী দিলেও বহরমপুরে এখনও প্রার্থী দেয়নি বিজেপি। তাছাড়া উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এবং ইটাহার আসনেও প্রার্থীদের নাম জানায়নি তারা। উল্লেখ্য, যে ১০টি আসনে প্রার্থীদের নাম এখনও বিজেপি নেতৃত্ব জানাতে পারেননি, তার মধ্যে আটটি কেন্দ্রেই লোকসভা ভোটে এগিয়েছিল তারা। তৃণমূলের ‘গড়’ দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রে বিজেপি ৫,৪৩১ ভোটে এগিয়েছিল। ওই আসনটিও ফাঁকা রাখা হয়েছে।

Developed by DXDasia