
প্রথম দফায় জঙ্গলমহলের ৩০টি আসনে ভোট হবে
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথের সাক্ষী হতে চলেছে জঙ্গলমহল। সব মিলিয়ে ৪ জনসভায় সামিল হবেন তাঁরা।
বিজেপি-র নির্বাচনী প্রচারের সূচনা হচ্ছে জঙ্গলমহল থেকে। ঝাড়গ্রামে এবং বাঁকুড়ার রানিবাঁধে জনসভা করবেন অমিত। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রবিবার সন্ধ্যায় সেখানে একটি রোড শো করেন অমিত। তার পর দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন। দলীয় সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় ঝাড়গ্রামে প্রথম সভা করবেন অমিত। তার পর সেখান থেকে সোজা চলে যাবেন বাঁকুড়ায়।
পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে যেমন নজর রয়েছে বিজেপি-র, তেমনই পিছিয়ে নেই তৃণমূল। নিজেদের জমি পুনর্দখলে জঙ্গলমহলে নিজেদের সর্বশক্তি উজাড় করে দিতে তারাও মরিয়া। খোদ তৃণমূলনেত্রী মমতা যাচ্ছেন নির্বাচনী প্রচারে। পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার ঝালদার হাটতলায় একটি সভা রয়েছে তাঁর। সেখানে সোমবার দুপুর দেড়টা নাগাদ সভা হওয়ার কথা। তার পর তৃণমূলনেত্রী যাবেন বলরামপুরে। সেখানে রথতলায় বিকেল ৩টের সময় সভা করবেন তিনি।
প্রথম দফায় জঙ্গলমহলের ৩০টি আসনে ভোট হবে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরের ৭টি, পশ্চিম মেদিনীপুরের ৬টি, বাঁকুড়ার ৪টি, পুরুলিয়ার ৯টি এবং ঝাড়গ্রামের ৪টি আসনে।
