শুরু হল পোস্টাল ব্যালটের মাধ্যমে আশির ঊর্ধ্বে প্রবীণদের ভোট সংগ্রহের কাজ

বুধবার শুরু হল সেই প্রক্রিয়া

২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রবীণদের জন্য বিশেষভাবে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সেইমত বিভিন্ন জেলাতে শুরু হয়ে গিয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ। ইতিমধ্যেই হুগলিতে এই কাজ শুরু হয়ে গিয়েছে। আশি বছরের ঊর্ধ্বে বৃদ্ধ এবং বৃদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের এই কাজ চলবে আগামী কয়েকদিন। বুধবার সেই প্রক্রিয়া শুরু হল।

 হুগলি জেলার অন্তর্ভুক্ত মোট আঠারোটি বিধানসভা আসন। যার প্রত্যেকটি কেন্দ্রেই এদিন পোস্টাল ব্যালটের মাধ্যমে অশীতিপর বৃদ্ধ এবং বৃদ্ধাদের ভোটগ্রহণ শুরু করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার এবং বিভিন্ন দলের পোলিং এজেন্ট সহ ভোটকর্মীরা ভোটবাক্স হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটগ্রহণের কাজ করছেন। সঙ্গে থাকছে রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। আশা কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী যে সমস্ত বাড়িতে ৮০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন, সেই সমস্ত বাড়িতে গিয়েই ভোটগ্রহণ করা হয়। 

বেশিরভাগ ক্ষেত্রে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সম্ভব হয় না প্রবীণদের পক্ষে। বয়স্কদের জন্য সরাসরি বাড়িতে এসে ভোটদানের ব্যাবস্থা আগামী দিনে থাকলে সুবিধা হয়। এতে ভোট যেমন নষ্ট হয় না, তেমনই তাঁরা পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন।

 

Developed by DXDasia