পুজোর মাঠে জলাধার বানিয়ে অভিনব দৃষ্টান্ত

দুর্গাপুজোর আগেই শেষ হবে কাজ

কোনটার প্রয়োজন বেশি? জল না পুজো? এই বিতর্কে এতদিন আটকে ছিল পুরসভার জল প্রকল্প। শেষ পর্যন্ত নিজেদের পুজো ছোটো করে মাঠে জায়গা ছেড়ে দিল একটি ক্লাব। লেক গার্ডেন্স পিপলস অ্যাসোসিয়েশেনের সেই মাঠেই কলকাতা পুরসভা ৪ কোটি টাকা খরচে বড়ো জলাধার তৈরির কাজ শুরু করেছে মাস পাঁচেক হল। 

লেক গার্ডেন্স এলাকায় টিউবওয়েলের জলে আয়রনের পরিমান বেশি থাকায় পানীয় জল হিসেবে তা ব্যবহার করা হত না। থালা-বাসন ধোয়ার মতো গৃহস্থালির কাজে লাগত সেই জল। লেক গার্ডেন্স পিপলস অ্যাসোসিয়েশেনের মাঠে ৪০ লক্ষ গ্যালন জলের রিজার্ভার তৈরি হলে লেক গার্ডেন্স, গোবিন্দপুর, যোধপুর পার্কের লক্ষাধিক বাসিন্দার পানীয় জলের পাকাপোক্ত ব্যবস্থা হবে। কাজ চলছে দ্রুত গতিতে। আগামী পুজোর মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে করছেন পুর-কর্তৃপক্ষ। জানা গেছে, চার কোটির মধ্যে দু’কোটি টাকা খরচ হচ্ছে জলাধার এবং বুস্টার পাম্পিং স্টেশন তৈরিতে। বাকি দু’কোটি পাইপ লাইন সংযোগের জন্য ব্যয় হবে। জোর কদমে কাজ এগিয়ে চলায় খুশি এলাকার বাসিন্দারা। 
 

Post Tags
Developed by DXDasia