মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এল ‘ঐরাবত’ ও ‘কোরা’

শুধু গালভরা নাম নয়, কাজেও ‘ওস্তাদ’ এই দুই মহারথী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এল এই দুই যুদ্ধজাহাজ। ‘ঐরাবত’ ও ‘কোরা’ – শুধু গালভরা নাম নয়, কাজেও ‘ওস্তাদ’ এই দুই মহারথী। চলতি সপ্তাহেই চারদিনের জন্য কলকাতা বন্দরে থাকছে এই যুদ্ধজাহাজ দু’টি। এই বছর ‘স্বর্ণিম বিজয়বর্ষ’ উপলক্ষে সেনাবাহিনী একটি সাবমেরিন কলকাতায় আনার ব্যাপারেও উদ্যোগ নেয়, তবে, গঙ্গার গভীরতা সাবমেরিনের পক্ষে যথেষ্ট না হওয়ায় তার পরিবর্তে এই ধরনের যুদ্ধজাহাজ নিয়ে এসেছে নৌসেনা। ‘ঐরাবত’ ও ‘কোরা’র বিশেষত্বটা কী?

ঐরাবত তার পেটে লুকিয়ে রাখে পেল্লাই সাইজের একখানা হেলিকপ্টার, রয়েছে বিশাল ট্যাংকও। কোরা আবার সমুদ্রে ভাসমান অবস্থায় একের পর এক কামান থেকে শত্রুপক্ষের দিকে ছুড়তে পারে মিসাইল।

এই বছর কলকাতায় দুই যুদ্ধজাহাজ এলেও করোনা পরিস্থিতি না কাটার ফলে আমজনতাকে জাহাজে উঠতে দিতে চায় না নৌসেনা। নৌসেনার ত্রফে জানানো হয়েছে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এই যুদ্ধজাহাজ দেখতে পারবেন। কারণ, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাই পরবর্তীকালে যোগ দিতে পারেন নৌবাহিনীতে। এই ব্যাপারে কয়েকটি কলেজ ও স্কুলের সঙ্গে নৌসেনার পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়াও বিশেষ কিছু পেশা ও সরকারি সংস্থার মানুষ উঠতে পারবেন বন্দরে নোঙর করে থাকা দুই যুদ্ধজাহাজে।

Developed by DXDasia