
আজই বিজেপি-র পতাকা হাতে তুলে নেন অভিনেতা বনি সেনগুপ্ত
টলি-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত এবার বিজেপি-তে। আজই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সদ্য তৃণমূল ছেড়ে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বনি পদ্মশিবিরে যোগ দিয়ে বলেন, “মানুষের জন্য কাজ করতে চাই।”
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি তৃণমূলে যোগ দিয়েছিলেন বনির প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং বনির মা পিয়া সেনগুপ্ত। ‘জয় শ্রীরাম’ ধ্বনির তীব্র নিন্দাও করেছিলেন পিয়া সেনগুপ্ত। এবার দেখা গেল নিজের ছেলেই গেরুয়া শিবিরে নাম লেখালেন। পাশাপাশি, বনির প্রেমিকা কৌশানী এবছর কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের প্রার্থী। দ্বিধাবিভক্ত পরিবার। ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল বনি-কৌশানীকে। তারপর চুটিয়ে প্রেমও করেন তাঁরা। এখন এই সম্পর্ক কত দূর গড়ায়, তা দেখার জন্য উন্মুখ চলচ্চিত্র এবং রাজনৈতিক মহল।
