
শীতের মরশুমে বাসে চড়ে শহরকে চেনার সুযোগ
শীতের আমেজ মেখে বাসে চড়ে, কলকাতাকে চেনা-জানার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ দপ্তর। ডিসেম্বরের শুরুতেই চালু হতে চলেছে বিশেষ ট্যুর-প্যাকেজ: কলকাতা দর্শন। এসি ভলভো বাসে পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে শহর এবং শহরতলির দ্রষ্টব্য স্থানগুলি। দেশ-বিদেশের পর্যটক-সহ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা, যাঁরা কলকাতাকে চিনতে-জানতে চান, তাঁদের জন্যেই এই উদ্যোগ।
এসি ভলভো বাসে পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে শহর এবং শহরতলির দ্রষ্টব্য স্থানগুলোকে। দেশ-বিদেশের পর্যটক সহ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা, যাঁরা কলকাতাকে চিনতে-জানতে চান, তাঁদের জন্যেই এই উদ্যোগ।/strong>
পর্যটন দপ্তরসূত্রে জানা যাচ্ছে, কলকাতা দর্শন ট্যুরটিতে থাকছে দুটি প্যাকেজ। একটি ইকোপার্ক কেন্দ্রিক, অন্যটি কালীঘাট। ইকোপার্ক রুটে ঘোরানো হবে ইকোপার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টিহাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট, নজরুল তীর্থ-সহ বেশ কয়েকটি জায়গা। কালীঘাট রুটে থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, আলিপুর জেল মিউজিয়াম, ভারতীয় সংরক্ষণাগার, ইডেন গার্ডেন, হাওড়া ফুলবাজার, হাওড়া ব্রিজ, ট্রাম স্মরণিকা, প্রিন্সেপ ঘাট, নন্দনের মতো জায়গাগুলো।
আরও পড়ুন: ‘বৌদ্ধ’ কলকাতা : চেনা শহর ও অচেনা গল্প
এই প্যাকেজ ট্যুরে দুরকম টিকিটের ব্যবস্থা করা হবে। দ্রষ্টব্য স্থানে ঢোকার টিকিট-সহ বাসের ভাড়া। আর য়াঁরা সব জায়গায় ঢুকে দেখবেন না, তাঁদের জন্য শুধু ঘোরার বাসভাড়া। বাসে ব্রেকফাস্ট থেকে রিফ্রেশমেন্টের ব্যবস্থাও থাকবে বলে জানা যাচ্ছে। এখনও ভাড়া নির্ধারণ করা হয়নি। এসপ্ল্যানেডে পরিবহণ নিগমের মূল টিকিট কাউন্টার থেকে, পরিবহণ দপ্তরের ওয়েবসাইট থেকে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমেও যাতে টিকিট কাটা যায়, সে বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
