
পুকুর খুঁড়তে গিয়ে মূর্তিটি নজরে আসে
বাংলাদেশে উদ্ধার করা হল প্রাচীন এক দেবীমূর্তি। স্থানীয় লোকেদের অনুমান, মূর্তিটি কষ্টিপাথর দিয়ে তৈরি।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পাড়াগাঁও গুচ্ছগ্রামে মাছ চাষের জন্য পুকুর সংস্কারের কাজ চলছে। শ্রমিকরা পুকুর খনন করতে গিয়ে রবিবার দুপুরে মাটি থেকে প্রায় ১০ ফুট নিচে মূর্তিটি দেখতে পান। সেটিকে উদ্ধার করে পুকুরের পাশে রেখে দেন আব্দুর রহমান নামের এক শ্রমিক। কয়েক হাজার উৎসাহী লোকজন ভিড় করে দেখতে থাকে।
সন্ধেবেলা মূর্তিটি পরীক্ষা করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোমেন শর্মা। এই মূর্তির ওজন ২৬ কিলোগ্রাম, দৈর্ঘ্য প্রায় ২ ফুট এবং প্রস্থ ১ ফুট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কমপক্ষে ৫০০ বছরের পুরোনো।
