এবছরের কলকাতা বইমেলাতেও আপনাকে চাই, আপনাকেই…
‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ পাঠ করছেন কবি শঙ্খ ঘোষ | সৌজন্যে- পি অ্যান্ড এম রেকর্ডস
‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’ কবিতায় শঙ্খ ঘোষ লিখেছিলেন, “পৃথিবী হয়তো বেঁচে আছে/ পৃথিবী হয়তো গেছে মরে/ আমাদের কথা কে-বা জানে/ আমরা ফিরেছি দোরে দোরে।/ কিছুই কোথাও যদি নেই/ তবু তো কজন আছে বাকি/ আয় আরও হাতে হাত রেখে/ আয় আরও বেঁধে বেঁধে থাকি।”

সৌজন্যে- পি অ্যান্ড এম রেকর্ডস | অ্যালবাম- মুখের পাথরছবি | কবিতা পাঠ- শঙ্খ ঘোষ
আসলে এই বেঁধে বেঁধে থাকার এবং রাখার স্বপ্ন যিনি দেখেন, তাঁদের বসে থাকতে নেই। আরুণি উদ্দালকদের মতোই তাঁরা আকাশে আকাশে উড়ে বেড়ান বিপুল তরঙ্গের ডানা নিয়ে। এই বুঝি প্রকাশকের ফোন এল! এই বুঝি তরুণ সম্পাদকের চিঠিতে উপচে পড়ল কত কত আবেগ! এই বুঝি বইমেলা এল! যে ধুলো ধুলো বইমেলায় এক তরুণ কবি খুঁজে চলেছেন আরেক প্রবীণ কবিকে। অনুজ আর অগ্রজের মেলবন্ধনে মুখরিত হচ্ছে কলকাতা বইমেলার মাঠ। এই তিলোত্তমার আরেকটা বইমেলা চলে এল শঙ্খবাবু। এইবার যাবতীয় রোগশয্যা থেকে উঠে দাঁড়িয়ে ছোটার পালা। জীবনের সমস্ত রোগ বড্ড আপেক্ষিক জানেন! এই রোগগুলো জীবন প্রবাহ মানে না, গর্জে ওঠা জানে না। তাদের তুচ্ছ করে চলুন বইমেলায় যাই। প্রকাশক, লেখক, কবি, লিটল ম্যাগাজিন কর্মী সব্বাই প্রতিবারের মতো আপনাকেই চাইছে। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। লিখুন। কাটুন। আবার লিখুন। আর বইমেলায় চলুন।
