ভারতে প্রথম দেশীয় প্রযুক্তির কম্পিউটার তৈরি করেছিলেন এই বঙ্গসন্তান

তিনি কলকাতার আইএসআই-তে কম্পিউটিং মেশিন এবং ইলেকট্রনিক্স বিভাগ প্রতিষ্ঠা করেন

বিজ্ঞানের এক যুগান্তকারী বিস্ময়ের নাম কম্পিউটার। আমাদের ব্যবহারিক জীবনে একের পর এক নতুন দিগন্তের সন্ধান দিয়ে চলেছে এই যন্ত্র। স্কুল, কলেজ, অফিস, আদালত থেকে শুরু করে বিজ্ঞানের জটিল গবেষণা – কম্পিউটার এখন সমাজের প্রায় সব পরিসরেই কাজে লাগে। মুদ্রণ শিল্পে বিপ্লব এনে দিয়েছে কম্পিউটার, বিনোদনের জগৎকে প্রসারিত করেছে ব্যাপকভাবে, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর জ্ঞানভাণ্ডার এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। আধুনিক সভ্যতা এই যন্ত্র ছাড়া অচল। কম্পিউটার বিজ্ঞানে সারা দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভারতীয়রা। কিছুদিন আগেই বিশ্বের দ্রুততম কম্পিউটারের তালিকায় জায়গা করে নিয়েছে এই দেশের দুই সুপার কম্পিউটার ‘প্রত্যুষ’ এবং ‘মিহির’। স্বাধীনতার পরে, ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার তৈরি করেছিলেন সমরেন্দ্র কুমার মিত্র। সেটা ছিল ১৯৫৩ সাল। 

সমরেন্দ্র কুমার মিত্রকে বলা হয় ভারতের কম্পিউটারের জনক। ১৯১৬ সালে তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। মা ছিলেন লেডি সুধাহাসীন মিত্র। বাবা স্যার রূপেন্দ্র কুমার মিত্র গণিত এবং আইনে এমএসসি স্বর্ণপদক অর্জন করেছিলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। সমরেন্দ্র ছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র। রসায়নে অনার্স নিয়ে স্নাতক হওয়ার সময় তিনি দ্বিতীয় স্থান পেয়েছিলেন এবং কানিংহাম মেমোরিয়াল পুরস্কার লাভ করেছিলেন। স্নাতকোত্তর করেছিলেন রসায়ন এবং ফলিত গণিতে। ১৯৪৪ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত সিএসআইআর(ভারত)-এর অধীনে গবেষক পদার্থবিদ হিসেবে কাজ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিংবদন্তি বিজ্ঞানী মেঘনাদ সাহার অধীনে পিএইচডি শুরু করেছিলেন তিনি, যদিও, ১৯৫৬ সালে মেঘনাথ সাহার মৃত্যু হওয়ায় সেই গবেষণা সম্পূর্ণ হয়নি। আমেরিকা এবং ব্রিটিশ যুক্তরাষ্ট্রে হাই স্পিড কম্পিউটিং মেশিন নিয়ে গবেষণার জন্য সমরেন্দ্রকে বিশেষ ফেলোশিপ প্রদান করে ইউনেস্কো। পাশ্চাত্যে কাজ করার সময়ে তিনি অ্যালবার্ট আইনস্টাইন, ভোলফগাং পাউলি, জন ভন নিউম্যানের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন। 

বাঁ দিকে সমরেন্দ্র কুমার মিত্র, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে 

১৯৫০ সালে সমরেন্দ্র কুমার মিত্র যোগদান করেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। সেখানে ১৯৭৬ সাল পর্যন্ত অধ্যাপক, গবেষণা অধ্যাপক, পরিচালকের মতো নানান দায়িত্ব সামলেছেন। তিনি আইএসআই-তে কম্পিউটিং মেশিন এবং ইলেকট্রনিক্স বিভাগ প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম বিভাগীয় প্রধান ছিলেন তিনিই। ১৯৫৩ সালে আইএসআই-তে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তিনি ভারতের প্রথম অ্যানালগ কম্পিউটার তৈরি করেন। দশটি চলরাশি ও সেগুলি সম্পর্কিত নানা সমস্যার রৈখিক সমীকরণের সমাধানে এটি সফলভাবে ব্যবহার করা গিয়েছিল। সমরেন্দ্র কুমার মিত্রের নেতৃত্বে ১৯৬৩ সালে আইএসআই এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে  দ্বিতীয় প্রজন্মের ডিজিটাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। নতুন এই কম্পিউটারের নাম আইএসআইজেইউ (ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার)।১৯৬৪ সালে সফলভাবে কাজ শুরু করে আইএসআইজেইউ-১।  

সমরেন্দ্র কুমার মিত্র ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ইন্ডিয়ান ন্যাশান্যাল কমিটি ফর স্পেস রিসার্চের সদস্য ছিলেন তিনি। বিরল প্রতিভাধর এই ব্যক্তিত্ব আরও নানাভাবে দেশের সেবা করেছেন, বিজ্ঞানের অগ্রগতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ১৯৯৮ সালে তিনি প্রয়াত হন। 
 

Developed by DXDasia