
হাসপাতালের বেডে শুয়েই এমন খবর পেয়েছেন সাহিত্যিক
সাহিত্য অকাদেমির সবচেয়ে বড়ো সম্মানে ভূষিত হলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গত রোববার তিনি অকাদেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন।
এটিই সাহিত্য অকাদেমির সর্বোচ্চ সম্মান। খুব কম বাঙালি লেখকই এই পুরস্কার পেয়েছেন। এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারাশংকর বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, সুকুমার সেন, শঙ্খ ঘোষ, অন্নদাশঙ্কর রায়, আশাপূর্ণা দেবী এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার এই ভূষিত হলেন কথা-সাহিত্যিক শীর্ষেন্দু।
শুধুমাত্র জীবিত ভারতীয় লেখকদেরই দেওয়া হয় এই পুরস্কার। প্রাপকের সংখ্যা কখনও ২১-এর বেশি হয় না। ২০২১-এ ‘ফেলো’ হিসেবে সম্মানিত হয়েছেন ইংরেজি ভাষার বিখ্যাত লেখক রাসকিন বন্ড এবং বালচন্দন নেমাড়ে।
গত রোববার শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়াও আরও সাতটি ভাষার সাতজন সাহিত্যিক এই পুরস্কার পেয়েছেন। খুব শীঘ্রই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।
যদিও সাহিত্যিক বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। এই মুহূর্তে ভর্তি রয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বেডে শুয়েই এমন খবর পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে কবি সুবোধ সরকার জানিয়েছেন, “বাংলায় সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ-এর পর অনেকদিন বাদে আবার একজন কথা-সাহিত্যিক ফেলো নির্বাচিত হলেন। শীর্ষেন্দুদা, আপনার সম্মানে আমরা আজ সম্মানিত।”
