বাংলার দুই কৃতি স্থান পেলেন ইউপিএসসি সিভিল সার্ভিসের মেধা তালিকায়

প্রথম ২০-র মধ্যে জায়গা করে নিয়েছেন তাঁরা

বাংলার মুকুটে আবার যোগ হল নতুন পালক। ইউপিএসসি সিভিল সার্ভিসের মেধা তালিকায় পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করলেন দুই পড়ুয়া।

মঙ্গলবার সিভিল সার্ভিস ইউপিএসসি ২০১৯-এর ফলাফল প্রকাশিত হয়েছে। বহুদিন পর প্রথম কুড়ি জনের তালিকায় স্থান পেলেন বাংলার পড়ুয়ারা। সারা দেশে ১৩তম জায়গায় রয়েছেন রৌনক আগরওয়াল। রাজ্যে প্রথম হয়েছেন তিনি। দেশের মধ্যে ২০তম স্থান পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান লাভ করেছেন নেহা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ট্যুইট করে তাঁদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতার বাসিন্দা রৌনক ২০১১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে প্রথম হন। টাউন হলে মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার লাভ করেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পড়াশোনা শেষ করেন ২০১৬ সালে। সারা ভারতে পঞ্চম স্থান লাভ করেছিলেন। এক বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ পেয়েও ঠিক করেন, ইউপিএসসির জন্য প্রস্তুতি নেবেন। দু’বার অকৃতকার্য হওয়ার পরও হার মানেননি। ২০১৯ সালে অসাধারণ সাফল্য পেলেন। 

যাদবপুরের নেহা খড়গপুর আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন। নয়ডার একটি সংস্থায় কর্মরত ছিলেন। তারই মধ্যে এই সর্বভারতীয় পরীক্ষা বসেন। প্রথম বারই ফলাফলে তাক লাগিয়ে দিলেন। রৌনক এবং নেহা দু’জনেই মনস্থির করেছেন, তাঁরা রাজ্যে থেকেই কাজ করতে চান। 

Developed by DXDasia