জাপানি অক্ষরমালায় কবিতা আঁকছেন নীলাঞ্জন

মায়া আর্ট স্পেসের প্রদর্শনীতে জাপানি অক্ষর, বাংলা কবিতার আশ্চর্য যুগলবন্দি

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের মাটির সঙ্গে জড়িয়ে রয়েছেন। সেইসূত্রে চর্চা করার সুযোগ পেয়েছেন ভারতশিল্প ও প্রাচ্যশিল্পের নানা উপাদানকে। প্রাচ্যশিল্পের বিভিন্ন ক্ষেত্রে হাতে লেখার ক্যালিগ্রাফি নিছক হাতে লেখা হয়েই থাকেনি, তা হয়ে উঠেছে উল্লেখযোগ্য শিল্পকলা। চিন, জাপান, পারস্য, ভারতবর্ষ এমনকি মুঘল আমলেও ক্যালিগ্রাফি যে শিল্প হয়ে উঠেছিল, তার প্রমাণ পাওয়া যায়। আধুনিক সময়ে এসে এই ক্যালিগ্রাফি বিষয়ে অবনীন্দ্রনাথ, নন্দলাল প্রমুখদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। এমনকি, বিনোদবিহারী মুখোপাধ্যায়ও নানাসময়ে এই বিষয় নিয়ে চর্চা করেছেন। অবনীন্দ্রনাথকে দেখা গেছে কুফিক ও নাস্তালিক অক্ষরমালার ছাঁদে বাংলা লিখতে। চিনা কালি-তুলির টানে বিনোদবিহারী লিখেছেন রবীন্দ্রনাথের কবিতার প্রতিলিপি। অন্যদিকে নন্দলাল তাঁর বিভিন্ন লেখায় এই কালি-তুলির চলনের স্বতস্ফূর্ততা নিয়ে আলোচনা করেছেন। সেই ধারাতেই বলা যেতে পারে নীলাঞ্জনের কথা। 

প্রাচ্যের কালি-তুলির যে জাপানি টানটোন তা ক্ষীপ্রতা, স্বতস্ফূর্ততা, স্নিগ্ধতা এবং চলমানতার সমস্ত আঙ্গিকগুলি নিয়ে এই ধ্যানবিন্দুতে এসে মিলিত হয়। সেই আঙ্গিকগুলিকে সামনে রেখেই নীলাঞ্জন তৈরি করেছেন বাংলা অক্ষরমালার নয়া চলন-পদ্ধতি। সেই অক্ষরমালা দিয়ে নীলাঞ্জন লিখেছেন তাঁর স্বরচিত কবিতা। সেই লিখিত কবিতাগুলিও তাই হয়ে উঠেছে স্বয়ংসম্পূর্ণ এক-একটা ছবি। আজ বিশিষ্ট গুণীজনদের সমাবেশে সেই ‘লেখচিত্র কবিতার’ উদ্বোধন হল মায়া আর্ট স্পেসে। প্রদর্শনী উদ্বোধন করলেন জাপানের কনসাল জেনারেল মাসায়ুকি তাগা। পাশাপাশি মায়া আর্ট স্পেস থেকে প্রকাশিত হল কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কবিতা ও ক্যালিগ্রাফির বই ‘একটা কিছু হারিয়েছিল’।

 

 

 

 

 

Developed by DXDasia