
দেবাশীষ দেব @৪৫ ক্যালেন্ডার ২০২৪
ভার্চুয়াল নাকি মুদ্রিত, ক্যালেন্ডার নিয়ে দুই প্রজন্মের মধ্যে এই মতবিরোধ কমবেশি প্রতিটি বাড়িতেই দেখা যায়। তবে, বিগত কয়েক বছরে কিছু মানুষের মিলিত বা ব্যক্তিগত প্রয়াসে ক্যালেন্ডার-ভাবনায় বাংলার অভিনব অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠছে। বেড়েছে ‘থিম ক্যালেন্ডার’-এর চাহিদা। গত দুবছরই এরকম উদ্যোগ নিয়েছিলেন অগ্নিভ চক্রবর্তী। তাঁর পরিকল্পনায় তৈরি হয়েছিল ‘পদ্মশ্রী নারায়ণ দেবনাথ ক্যালেন্ডার ২০২২’, শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র রাপ্পা রায়-কে নিয়ে কমিকস-ক্যালেন্ডার ‘Rivals of Rappa Ray’ 2023। এ বছর তাঁর ক্যালেন্ডার ভাবনায় উঠে এসেছে চিত্রশিল্পী-কার্টুনিস্ট দেবাশীষ দেবের সামগ্রিক কাজ।
রিড বেঙ্গলি বুকস্টোর-এ ক্যালেন্ডারটির উদ্বোধনী অনুষ্ঠানের ছবি, ডানদিক থেকে দ্বিতীয়জন দেবাশীষ দেব
আরও পড়ুন: বাঙালির ক্যালেন্ডার চর্চা
প্রায় এক প্রজন্মের শৈশব-কৈশোর কেটেছে আনন্দমেলা’র পাতায় তাঁর করা অপূর্ব সব অলংকরণ দেখে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের কাহিনিগুলো তাঁর আঁকা ছাড়া অসম্পূর্ণ। মূলত হাসির গল্প, রম্যরচনা, ব্যঙ্গাত্মক ফিচারের সাথে তাঁর মজার অলংকরণ, ক্যারিকেচার বা কার্টুন পাঠকের মন জয় করে নিলেও, সিরিয়াস ইলাস্ট্রেশন অথবা বেড়াতে গিয়ে তুলির অল্প টানে প্রাকৃতিক সৌন্দৰ্য্যকে তুলে ধরাতেও তিনি সিদ্ধহস্ত। তিনি চিত্রশিল্পী দেবাশীষ দেব।
১৪ পাতার সর্বাঙ্গীন রঙিন এই দেওয়াল ক্যালেন্ডারটি সেজে উঠেছে দেবাশীষ দেবের আঁকা মজার কার্টুন, বিভিন্ন বই ও পত্রিকার প্রচ্ছদ, গল্প-উপন্যাসের অলংকরণ, ক্যারিকেচার, ক্যালিগ্রাফি ও বেড়ানোর আঁকা নিয়ে।
চার দশকেরও বেশি সময় ধরে দেবাশীষ দেব এঁকে চলেছেন দেশ-বিদেশের অজস্র প্রকাশনা সংস্থায় প্রধানত ছোটোদের বইপত্রের প্রচ্ছদ আর ছবি। পরিচালনা করেছেন ইলাস্ট্রেটর ও কার্টুনিস্টদের নিয়ে গবেষণাধর্মী লেখালিখি, সেমিনার এবং ওয়ার্কশপ। লিখেছেন ভ্রমণ-কেন্দ্রিক ট্রাভেলোগ। ১৯৭৮ সালে শারদীয়া ‘সন্দেশ’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তাঁর আঁকা। সেই থেকে রং-তুলি-কলম হাতে নিয়ে আঁকায় লেখায় কাটিয়ে ফেললেন ৪৫টি বছর! এই মাইলফলক উদযাপন করতেই সম্প্রতি প্রকাশিত হল ‘দেবাশীষ দেব @৪৫ ক্যালেন্ডার ২০২৪’(Debasish Deb @45 Calendar 2024)।
কার্টুনশিল্পী উদয় দেবে’র সংগ্রহে
এই প্রথমবার শিল্পীর সামগ্রিক কাজ নিয়ে তৈরি করা হয়েছে ইংরেজি নববর্ষ ক্যালেন্ডার। সঙ্গে পাওয়া যাচ্ছে তাঁর আঁকা বাংলা নববর্ষের একাধিক কার্টুনের কোলাজে সাজানো একটি পোস্টার সম্পূর্ণ বিনামূল্যে! ১৪ পাতার সর্বাঙ্গীন রঙিন এই দেওয়াল ক্যালেন্ডারটি সেজে উঠেছে দেবাশীষ দেবের আঁকা মজার কার্টুন, বিভিন্ন বই ও পত্রিকার প্রচ্ছদ, গল্প-উপন্যাসের অলংকরণ, ক্যারিকেচার, ক্যালিগ্রাফি ও বেড়ানোর আঁকা নিয়ে। ক্যালেন্ডারটির সমগ্র পরিকল্পনা ও রূপায়ণে অগ্নিভ চক্রবর্তী। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে তাঁর আঁকা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের অলংকরণের প্রাথমিক খসড়া, জন্মদিন ও বিবাহবার্ষিকীর জন্য ডিজাইন করা কার্ড, সিনেমার নামলিপি ও টাইটেল কার্ড সহ আরও অনেক কিছু। ক্যালেন্ডারটি পাওয়া যাচ্ছে রিড বেঙ্গলি বুকস্টোর ও কলেজ স্ট্রিটেও।
