
নতুন এই অ্যাপ চালু করেছে জেলা প্রশাসন
এবার, ভোটের আগে ও নির্বাচনের দিন আইনশৃঙ্খলা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য সরাসরি জানা যাবে এক ক্লিকেই। ক্লিক করতে হবে একটি অ্যাপে এবং সেই অ্যাপের মাধ্যমেই জানা যাবে, ভোটমুখী জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি। জেলা প্রশাসন এই অ্যাপ চালু করেছে। নাম রাখা হয়েছে ‘নিরাপদ’ অ্যাপ। প্রশাসনিক কাজেই এই অ্যাপ ব্যবহার করা হবে। সেক্টর অফিসাররাই এর তত্ত্বাবধানে থাকবেন এবং প্রতিনিয়ত এই অ্যাপে তথ্য সরবরাহ করবেন। যার উপর ভিত্তি করেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
জানা যাচ্ছে, মূলত ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই অ্যাপের আয়োজন। আসন্ন নির্বাচনে সব ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করা হবে বলে আগেই জানিয়েছিল জেলা প্রশাসন। গত পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ডহারবার, ক্যানিং, বারুইপুর, আলিপুর সদর মহকুমার বিস্তীর্ণ এলাকায় অশান্তির অভিযোগ তুলেছিল বিরোধীরা। তাই এবার বিধানসভা নির্বাচনের আগেই আইনশৃঙ্খলার আগাম তথ্য পেতে এই অ্যাপ চালু করা হয়েছে।
এতদিন যেখানে কাগজে লিখে এসব তথ্য সরবরাহ করতে হতো, এবার সেই পাট চুকিয়ে আধুনিক পদ্ধতিতে কাজ সামলাচ্ছে জেলা প্রশাসন। এর আগে পোলিং পার্সোনেলদের জন্য বিশেষ অ্যাপ আনা হয়েছিল। তার মাধ্যমে একজন ভোটকর্মী তাঁর বুথ সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন। শুধু তাই নয়, কীভাবে যাবেন বুথে, কাছাকাছি কোন পুলিসকর্মী দায়িত্বে থাকবেন ইত্যাদি বিষয়ও আপলোড করা থাকবে এই অ্যাপে। যদি দেখা যায়, কোনও অঞ্চলে সাধারণ মানুষের মনে আতঙ্ক রয়েছে, তাহলে অ্যাপের মাধ্যমে ওই এলাকাকে চিহ্নিত করে তৎক্ষণাৎ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। যেমন বারুইপুর মহকুমায় ১৮৫ জন এবং ডায়মন্ডহারবার মহকুমায় ১৮২ জন সেক্টর অফিসার নিযুক্ত হয়েছেন। ক্যানিং, কাকদ্বীপ, সুন্দরবন সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছেন সেক্টর অফিসাররা।
