
মেট্রোয় টোকেন-ব্যাবস্থা না থাকাটা অনেকের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল
১১ মাস পর ফের পুরোনো অবস্থায় ফিরছে কলকাতা মেট্রো। আনলক পর্বে মেট্রো পরিষেবা চালু হলেও তাতে অনেক বিধি নিষেধ ছিল। অনলাইন স্লট বুক করা থেকে রেহাই পেলেও, টোকেন-ব্যাবস্থা না থাকাটা অনেকের পক্ষেই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তাদের সমস্যার সমাধান করে, ১৫ মার্চ থেকে মেট্রোয় আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা।
গত বছর করোনা পরিস্থিতিতে প্রায় ছয় মাস সম্পূর্ণভাবে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। এরপর আন-লক পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বিধিনিষেধ মেনে চালু হয় মেট্রো পরিষেবা। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তাই বন্ধ ছিল টোকেন ব্যবস্থা। তবে ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করছে। তাই কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আবার টোকেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে টোকেন ব্যবস্থ চালু হওয়ার পাশাপাশি আগামী বুধবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও । আগামী বুধবার থেকে সারাদিনে ২৪৪টির পরিবর্তে চলাচল করবে ২৫২টি মেট্রো। দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়ও বেড়েছে 10 মিনিট করে।
এবার থেকে দিনের প্রথম মেট্রো সকাল ৭টার পরিবর্তে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। পাশাপাশি দিনের শেষ মেট্রো রাত ৯টা ১৮ মিনিটের পরিবর্তে ছাড়বে ৯টা ২৫ মিনিটে। তবে শনিবার দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। রবিবার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। দিনের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ৯টার সময়। শনিবার অতিরিক্ত ৪টি পরিষেবা দেওয়া হবে এবং রবিবার পরিষেবার সংখ্যা আরও ২টি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
