
২০১৯ সালে কলকাতায় মহিলা নির্যাতনের সংখ্যা সবচেয়ে কম এবং ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি
দেশের ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতাই মহিলাদের ক্ষেত্রে নিরাপদতম শহর। সম্প্রতি এনসিআরবি (NCRB)-র দেওয়া তথ্য অনুযায়ী এমনটাই উল্লিখিত হয়েছে। দেশের অন্যান্য মেট্রো শহরের তুলনায় কলকাতায় মহিলা হেনস্থার সংখ্যা অনেকটাই কম। তাছাড়া এই রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে কলকাতা শহরে মাত্র ১৪টি হেনস্থার অভিযোগ জমা পড়েছে।
২০১৯ সালে কলকাতায় মহিলা নির্যাতনের সংখ্যা সবচেয়ে কম এবং ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এমনকি এনসিআরবি-র দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, কলকাতায় নাবালিকা ও শিশু কন্যা নির্যাতনের ঘটনাও অনেক কম। মহিলা নির্যাতনের যেকটি অভিযোগ পাওয়া গেছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ১৮ বছরের ওপরে। সেদিক থেকে কলকাতা একেবারে নিরাপদতম শহরের শীর্ষতালিকায় উঠে এসেছে।
পাশাপাশি তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একটিও নারী নির্যাতনের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অন্যদিকে দেখা গেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৫৯টি শুধু ধর্ষণের ঘটনা ঘটেছে ২০১৯ সালে। যদিও তালিকার শীর্ষে রয়েছে দেশের রাজধানী নিউদিল্লি, সেখানে নারী হেনস্থার ঘটনা ঘটেছে ১২৩১টি। পাশাপাশি, গৃহস্থ নারী নির্যাতনে শীর্ষে রয়েছে রাজস্থান। সেই সংখ্যা প্রায় ১৮ হাজার। কলকাতা এমনিতেই অন্য পাঁচটা শহরের থেকে নারী নিরাপত্তায় চিরকাল এগিয়ে। শুধু প্রশাসনিক সতর্কতা নয়, এর কৃতিত্ব বাসিন্দাদেরও প্রাপ্য, যাঁরা শহরকে নিরাপত্তা দিয়েছেন।
ছবিঃ প্রতীক দে চৌধুরী (বঙ্গদর্শন আর্কাইভ)

