
নানা প্রতিকূলতার মধ্যেও টিকাদানের হারে দিল্লিকে পিছনে ফেলে এগিয়ে তিলোত্তমা
আবারও এগিয়ে বাংলা। এবার টিকাদানে। রিপোর্ট বলছে, দেশের ছয়টি বড়ো শহরের মধ্যে টিকাদানে এক নম্বরে রয়েছে তিলোত্তমা। ইতিমধ্যেই কলকাতার ৬১.০৮ শতাংশ মানুষ করোনা প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। ২১ শতাংশ মানুষের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়েছে। কলকাতার তুলনায় অনেকখানি পিছিয়ে দেশের রাজধানী দিল্লি। সেখানে মাত্র ৩৫.০১ শতাংশ মানুষকে প্রথম ডোজ দেওয়া গিয়েছে।
কো-উইন ড্যাশবোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক ইনসাইট ডেটাভার্সেরির তথ্য অনুযায়ী সমীক্ষাটি প্রথম প্রকাশ করে সংবাদসংস্থা ‘ইন্ডিয়া টুডে’। এই তথ্য সামনে আসার পর স্বভাবতই উচ্ছ্বসিত রাজ্য সরকার। এর আগে টিকা সরবরাহ ঠিকমতো না হওয়ায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন দেখা গেল নানা প্রতিকূলতার মধ্যেও টিকাদানের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা।
প্রসঙ্গত, দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে হায়দ্রাবাদ, চেন্নাই এবং মুম্বাই। একদম শেষে রয়েছে রাজধানী দিল্লি।
