আজ শুরু হবে এশিয়ার সবথেকে বড়ো ফটোগ্রাফি উৎসব

সমস্ত কলকাতা জুড়ে থাকবে ফটোগ্রাফির প্রদর্শন

কোনো এক আটপৌরে সাধারণ মুহূর্তকে জাদুবলে অলৌকিক বানিয়ে তোলার ক্ষমতা যদি কোনো শিল্পমাধ্যমের থেকে থাকে, তা হল ফটোগ্রাফি। আমাদের দৈনন্দিন জীবনে কত যে অসাধারণ দৃশ্যপট লুকিয়ে রয়েছে, তাকে দেখার জন্য চাই আলাদা চোখ, আর সেই দেখাকে যদি ক্যামেরায় বন্দি করে রাখতে হয়, তার জন্য চাই সংবেদনশীল দক্ষতা। আমাদের দেশে ফটোগ্রাফি চর্চার ঐতিহ্য বেশ সমৃদ্ধ। ব্রিটিশ ঔপনিবেশিক যুগের অভিজাত ফটোগ্রাফারদের থেকে শুরু করে পরবর্তীকালে সত্যজিৎ রায় কিংবা আরও পরের রঘু রাই, নিমাই ঘোষ – এবং আরও নাম না জানা আলোকচিত্রীরা এক স্বর্গীয় জগতের খোঁজ দিয়েছেন আমাদের। সেই জগৎকে এবার সাধারণ দর্শকদের সামনে তুলে ধরবে কলকাতা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব। 

আজ বিকেলে ভারতীয় জাদুঘরে উদ্বোধন হবে এশিয়ার সবথেকে বড়ো ফটোগ্রাফি উৎসবের। প্রদর্শন চলবে ৪ মার্চ সোমবার পর্যন্ত। ইথিওপিয়া, নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, পাকিস্তান, ইতালি, টিউনিশিয়া, মেক্সিকো, কানাডা-র মতো ৩০টি দেশ অংশ নিয়েছে তাতে। উৎসবটি পরিচালনা করছেন মায়া আর্ট স্পেসের কর্ণধার মধুছন্দা সেন এবং চিত্র সাংবাদিক কৌন্তেয় সিনহা। বিশিষ্ট ছবি আঁকিয়ে যোগেন চৌধুরী, সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এর অধিকর্তা গৌতম দে, আলোকচিত্রী নিমাই ঘোষ, সমাজকর্মী অমল ঘোষ, শিল্পী গণেশ হালুই, শিল্প সমালোচক উমা নায়ার – এক ঝাঁক গুণী মানুষ রয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল,  নন্দন, গগনেন্দ্র প্রদর্শশালা, আইসিসিআর , মায়া আর্ট স্পেস, ভারতীয় জাদুঘর, হ্যারিংটন গ্যালারি, দাগ কুঞ্জ এবং জেম সিনেমায় দেখানো হবে পুরোনো দিনের বেশ কিছু দুষ্প্রাপ্র ফটোগ্রাফ এবং তার সঙ্গে সমকালীন আলোকচিত্রীদের সেরা কাজগুলো। 
 

Post Tags
Developed by DXDasia