মহানগরে শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভার্চুয়াল উদ্বোধনে চাঁদের হাট

২৬ বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সিনেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভার্চুয়ালি আয়োজিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ২৬ বছরে পা দিল তিলোত্তমার এই প্রাণের উৎসব। 

নবান্নের সভাঘরে ভার্চুয়ালি অনুষ্ঠিত হল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি শাহরুখ খান ভার্চুয়ালি উপস্থিত থেকে শুভেচ্ছা জানালেন। নবান্নে হাজির ছিলেন রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, সোহিনী সেনগুপ্ত, দেব, তনুশ্রী চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, ঋতুপর্ণ সেনগুপ্ত প্রমুখ। এবার বাইরে থেকে আসেননি কোনও অতিথি। শুধু সত্যজিৎ স্মারক বক্তৃতা দেবেন অনুভব সিনহা। বিষয়, সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনস্ট্রিম ইন্ডিয়ান সিনেমা। 

অতিমারির কারণে এবারের উৎসবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে খুব কঠোরভাবে। হলের সংখ্যাও কমেছে। মাত্র ৬টি প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমা।  ৫০ শতাংশ আসনে দর্শকরা বসতে পারবেন। সিট বুক করতে হবে অ্যাপের মাধ্যমে। দেখানো হবে ৪৫টি দেশের ১৩২টি ছবি। উদ্বোধনী ছবি 'অপুর সংসার'। এবারের চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইতালি।

২০২০ সালে ভারতীয় সিনেমার বেশ কয়েকজন কিংবদন্তিকে আমরা হারিয়েছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, ইরফান খান, বাসু চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, তাপস পাল আমাদের ছেড়ে চলে গিয়েছেন। প্রবাদপ্রতীম নৃত্যশিল্পী অমলা শঙ্কর চিরবিদায় নিয়েছেন। প্রয়াত এই তারকাদের সম্মান জানানো হবে উৎসবে। হেমন্ত মুখোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, রবিশঙ্করকে নিয়ে দেখানো হবে তথ্যচিত্র। 

Developed by DXDasia