March 4, 2019 | 2:51 PM

বসন্তে রঙের খেলায় মাতলেন কলকাতার শিল্পীরা

কলকাতার ললিতকলা অ্যাকাডেমিতে চলছে চিত্র প্রদর্শনী এবং মেলা

রঙের শহর কলকাতা। ভালোবাসার শহর কলকাতা। আর এই রং-ভালোবাসার শহরেই অনুষ্ঠিত হয় একের পর এক প্রদর্শনী। বসন্তের কলকাতা মেতে ওঠে রং-তুলি আর সূক্ষ রেখার টানে। যেন তুলি আঁচড় কাটছে বাইপাসের ব্যস্ত সেতুগুলোয় কিংবা গাঢ় একটা রং ছড়িয়ে দেওয়া হচ্ছে লম্বা ফুটপাথে। “কল্পসূত্র” আমাদের সেই চেতনার রঙের কথাই বলছে।

কলকাতার ললিতকলা অ্যাকাডেমিতে শুরু হল চিত্র প্রদর্শনী এবং মেলা। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ইলিনা বণিক, শংকর ঘোষ, সিদ্ধার্থ ঘোষ, বিশ্ব বসু, অসীম পাল-এর মতো শিল্পীরা। তাঁদের সাম্প্রতিকতম কাজগুলিই এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ। ললিতকলার পক্ষ থেকে এই প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে “কল্পসূত্র”। প্রদর্শনী উদ্বোধন করেন চিত্র সমালোচক, লেখক এবং ইতিহাসবিদ মনসিজ মজুমদার। চলবে ৫ মার্চ অবধি। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত। ললিতকলা অ্যাকাডেমিতে পৌঁছে গিয়েছিল বঙ্গদর্শনের প্রতিনিধি সুমন সাধু এবং শ্রেয়ণ। কথা বলেছেন শিল্পী এবং গবেষকদের সঙ্গে। শুধুমাত্র চার দেওয়ালে বন্দি চিত্র প্রদর্শনীই নয়, এই বসন্তে খোলা আকাশের নিচে রঙের খেলায় মেতে উঠলেন শিল্পীরা।

Developed by DXDasia