
সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মুকুটে ফের নয়া পালক। সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং-এ (Centre for World University Rankings) কলকাতা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে রাজ্য অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর দেশের মধ্যে দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে পঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)।
সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর তরফে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়। বিশ্বসেরা ২০০০ উচ্চশিক্ষা কেন্দ্রের মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান রয়েছে ৬৮টি। সেখানে ১০৩২তম স্থানে রয়েছে যাদবপুর। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৯৭তম স্থানে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে বিশ্বভারতী।
প্রসঙ্গত, গত বছর জুন মাসে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। আর কলেজগুলির মধ্যে সর্বভারতীয় র্যাংকিংয়ে প্রথম দশে ছিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। যদিও সামগ্রিক বিচারে দেশের প্রথম ১০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় বাংলা থেকে একমাত্র ঠাঁই পেয়েছিল আইআইটি খড়গপুর। সামগ্রিক র্যাংকিংয়ে খড়গপুর আইআইটি ছিল পাঁচ নম্বরে। তবে আইআইটির ভিড়েও নজরকাড়া পারফরম্যান্স ছিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
আন্তর্জাতিক স্বীকৃতিতে খুশি যাদবপুর ও কলকাতার ছাত্রছাত্রী, অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা।
