May 22, 2021 | 12:00 PM

করোনা রোগীদের পাশে ভারত সেবাশ্রম সংঘ, বদলালো ১০৪ বছরের নিয়ম

“মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও” — মানুষ বিপদে পড়লে দীর্ঘবছরের পুরোনো নিয়ম ভেঙেই তাদের পাশে দাঁড়াতে হবে। এমনই বার্তা দিল ভারত সেবাশ্রম (Bharat Sevashram Sangha)। শুধুমাত্র করোনা রোগীদের দিকে চেয়ে ১০৪ বছরের নিয়ম বদলালো তারা। করোনা রোগীদের এখন প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ-মাংস-ডিম খেতে বলছেন ডাক্তার। তাই ১০৪ বছরের ইতিহাসে এই প্রথম ঢুকল আমিষ পদ। মানবসেবার কাছে এইভাবেই বুঝি হার মানে ধর্মীয় অনুশাসন।

শুধুমাত্র করোনা রোগীদের জন্য এই নিয়ম। আশ্রমেই তৈরি হচ্ছে ডিম সেদ্ধ, মাংসের ঝোল, মাছ। ভারত সেবাশ্রম সংঘ জানিয়েছে, এটা শুধুমাত্র কোভিড (COVID-19) রোগীদের জন্য। করোনা আক্রান্তদের জন্য সেফ হোম চালু করেছিল ভারত সেবাশ্রম সংঘ। এই উদ্যোগে গড়িয়া শাখায় করোনা রোগীর জন্য সেফ হোমের ব্যবস্থার পাশাপাশি জোকায় অত্যাধুনিক হাসপাতালে সিসিইউ ও ভ্যান্টিলেশনের ব্যবস্থাও করা হয়েছে।গত শুক্রবার ২৫ বেডের এই সেফ হোম উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। জানান, এখানে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ মেনে রোজ প্রোটিন রাখতে হচ্ছে খাদ্য তালিকায়। ফলে ডিম, মাংস, মাছ মতো খাবার খুবই প্রয়োজন। নিজেদের নিয়ম ভেঙে আরও একবার মানবধর্মের কথা বলল ভারত সেবাশ্রম সংঘ।