‘বায়োপিক’ তৈরির হিড়িকে বাণিজ্য কতখানি আর শিল্পই বা কতখানি?

বায়োপিক যেমন ভালো বাণিজ্য দিতে পারে, তেমনি বানাবার ঝক্কিও কম নয়

পৌরাণিক বা ঐতিহাসিক ব্যক্তিত্বদের ওপর ফিল্ম নির্মাণের নজির নতুন কিছু নয়। দাদাসাহেব ফালকেও তাঁর প্রথম ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন রাজা হরিশচন্দ্রকে। সেই সময় থেকে আজ অবধি বহু ছায়াছবি নির্মাণ হয়েছে, যাকে আমরা আজকাল ‘বায়োপিক’ বলি। বায়োপিক করার ক্ষেত্রে সুবিধে ও অসুবিধে নিয়ে কিছু কথা আগে আলোচনা করে তারপরে এই মুহূর্তে বাংলায় যে ঢল নেমেছে বায়োপিক নির্মাণের, তার কারণ কী তার ওপর আলোকপাত করা সহজ হয়ে যাবে।

বায়োপিক নির্মাণের ভাবনাকে খুব সহজেই কোনো বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে গড়া সৌধ বা মূর্তি নির্মাণের পিছনের ভাবনার সঙ্গে তুলনা করা যেতে পারে। কিন্তু ফারাকটা তৈরি হয় যখন মাধ্যমটা বদলে যায়। এই ক্ষেত্রে যে বায়োপিকটির কথা সবার আগে মনে পড়ছে তা হল ১৯২৮ সালে নির্মিত ফরাসি নির্বাক ছবি ‘দ্য প্যাশান অফ জোয়ান অফ আর্ক’। যেখানে আমরা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জোয়ান অফ আর্ককে দেখতে পাচ্ছি এবং তাকে ঘিরে রয়েছে শাস্তি প্রদানকারী পাদ্রী কূল। মূলত গোটা ফিল্মটি ক্লোজআপের উদযাপনের জন্যই বিখ্যাত হয়ে আছে। ছবি নির্মাণের ক্ষেত্রে যে জিনিসটিকে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছিল তা হল ফরাসি অভিনেত্রী রেনে জাঁ ফালকোনাতির মুখের এক্সপ্রেশন। এবং এইখানে জোয়ান অফ আর্কের গোটা জীবনটাকে না দেখে আমরা শুধু তার ট্রায়ালটাই দেখতে পাই। তাই আবার সেক্ষেত্রে এই ছবিকে বায়োপিক বলা যায় কিনা সংশয় থেকে যায়।

ফরাসি নির্বাক ছবি দ্য প্যাশান অফ জোয়ান অফ আর্ক

কিন্তু শুরুতেই যে বলেছি, বায়োপিক অনেকটা সৌধ বা মূর্তি নির্মাণের মতো। তাই সেই ছবির ন্যারেটিভ বা চলন নির্মাণের ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি জীবনের বিশেষ মুহূর্তকেও বেছে নিতে পারি গোটা জীবনী না দেখিয়ে। ১৯৬৬ সালে নির্মিত ‘সুভাষচন্দ্র’ ছবিটতেই আমরা এইরকম এক ট্রিটমেন্ট লক্ষ্য করি। ছবির পরিচালক ও চিত্রনাট্যকার পীযূষ বসু বেছে নিলেন সুভাষ বসুর কটকের জীবনের কিছু অংশ এবং তাঁর কলকাতা শহরে এসে, বড়ো হয়ে ওঠা এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে ঢুকে পড়া। এই বেছে নেবার ক্ষেত্রে সব থেকে গুরুত্ব বোধহয় পায় ছবি নির্মাণের ক্ষেত্রে কতটা বাজেট পাওয়া যাচ্ছে এবং সেই বাজেট সৃষ্টি করে এক প্রকার লিমিটেশন, যেটা নির্মাতা শৈল্পিকভাবে ফিল্মের চলমানতায় সম্পৃক্ত করেন।

সে ভাবে দেখতে গেলে ‘পথের পাঁচালী’ (১৯৫৬) বা ‘শ্রীমান’ পৃথ্বীরাজ’-এর (১৯৭২) মতো ছবিও একপ্রকার বায়োপিক যেখানে আমরা কাল্পনিক একজন মানুষের বেড়ে ওঠার গল্পকেই দেখছি। বায়োপিক নির্মাণের ক্ষেত্রেও এটা বলতেই হয় যে তা সত্য ঘটনার একটি কাল্পনিক পরিবেশন।

দাদাসাহেব ফালকে পরিচালিত প্রথম ভারতীয় ছবি রাজা হরিশচন্দ্র

সে ভাবে দেখতে গেলে ‘পথের পাঁচালী’ (১৯৫৬) বা ‘শ্রীমান’ পৃথ্বীরাজ’-এর (১৯৭২) মতো ছবিও একপ্রকার বায়োপিক যেখানে আমরা কাল্পনিক একজন মানুষের বেড়ে ওঠার গল্পকেই দেখছি। বায়োপিক নির্মাণের ক্ষেত্রেও এটা বলতেই হয় যে তা সত্য ঘটনার একটি কাল্পনিক পরিবেশন। সেই কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে নির্মাতা শুধুমাত্র সেই চরিত্রের বাস্তবিকতাকে পুঁজি করেই ফিল্মের নির্মাণ করলেন। এ ক্ষেত্রে রামগোপাল ভার্মার ২০০৫ সালের ছবি ‘সরকার’ গুরুত্ব পাবে। ১৯৭২-এ নির্মিত কাল্পনিক এক ইতালিও মাফিয়ার ওপর আধারিত গডফাদারের মূল চলনের সঙ্গে মিল থাকলেও সেই ছবিটি আদতে মহারাষ্ট্রের শিব সেনা প্রধান বাল ঠাকরের জীবন ও কেচ্ছার ওপর ভিত্তি করে বানানো। অন্যদিকে ১৯২৮ সালের লাহোর কন্সপিরেসি কেস বারংবার ফিল্ম নির্মাণের রসদ জুগিয়েছে। ‘শহিদ’ (১৯৬৫), ‘দ্য লেজেন্ড অফ ভগত সিং’ (২০০২), ‘রং দে বসন্তী’ (২০০৬) এবং সব শেষে ‘সর্দার উধম সিং’ (২০২১) এই সব কটা ছবির প্রেরণা ছিল ওই কেস।

এইভাবে আমরা বুঝতে পারছি যে এই দেশে বিভিন্ন সময়, কিছু বিশেষ ঐতিহাসিক ব্যক্তিত্বের ওপর নির্ভর করে বরাবরই সফল ছবির নির্মাণ হয়েছে। বায়োপিক ফিল্মের নির্মাণ ফর্মুলা হিসাবে বেশ জোড়ালো এবং লাভদায়ক। সেই কারণেই হয়তো প্রযোজকরা বারবার বায়োপিক নির্মাণের ক্ষেত্রে উদ্যোগী হয়েছেন। ছবিতে যে জীবন দেখানো হচ্ছে তা যদি কোনোভাবে দর্শকের অনুভূতিকে কায়েম করে নিতে পারে, তাহলে দেখা গেছে, ফিল্মটির ওপর কর ছাড় দেবার উদ্যোগও নেওয়া হয়েছে। বায়োপিক নির্মাণের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি জরুরি তা হল, সেই সময়টাকে ক্যামেরা বন্দি করা। সেই সংক্রান্ত গবেষণা ইত্যাদির একটা বড়ো জায়গা আছে। এই যে খাটনিটা করতে হয়, তার ফল যদি ভালো হয়, তাহলে তা খুব সহজেই নির্মাতাকে একটা খ্যাতি ও সুনাম এনে দেয়। কিন্তু তারা কোন সারির নির্মাতা এই প্রশ্নও খুবই গুরুত্বপূর্ণ। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা মৃণাল সেন এঁদের মধ্যে কেউই বায়োপিক বানাতে উদ্যত হননি। যদিও হলিউডের দিকে মুখ ফেরালে একটু বুঝে বলতে হবে, কারণ বায়োপিক নির্মাণের ক্ষেত্রে সেখানকার নির্মাতারা বা কলাকুশলিরা যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তা বিশ্বাসযোগ্যতার দিক থেকে অতুলনীয়। যেমন ‘ব্যারি লিন্ডন’ (১৯৭৫), ‘এ বিউটিফুল মাইন্ড’ (২০০১), ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ (২০১০), ‘থিওরি অফ এভরিথিং’ (২০১৪) ইত্যাদি সবকটি ছবি নিজ নিজ গুণে সুপ্রতিষ্ঠিত। কিন্তু বাংলায় সেরকম নজির খুবই কম, যেখানে শৈল্পিকভাবে প্রতিষ্ঠিত পরিচালকেরা বায়োপিক বানাবার ক্ষেত্রে উদ্যোগী হয়েছেন।

থিওরি অফ এভরিথিং

বায়োপিক যেমন খুব ভালো বাণিজ্য দিতে পারে, তেমনি একটি বায়োপিক বানাবার ঝক্কিও কম নয়। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি যে ধরনের বায়োপিক বানিয়ে অভ্যস্থ তা সবই ঘুরে ফিরে পিরিয়ড ড্রামার মধ্যে পড়ে যায়। সেই জন্য চট করে বারবার বায়োপিক করাও মুশকিল। কিন্তু এখানেই চলে আসে সেই সৌধ বা মূর্তি বানাবার প্রয়োজন। বারবার মনে করিয়ে দেওয়া যে আমাদের পূর্ব পুরুষেরা কী করেছেন বা করেছিলেন। সত্যজিৎ রায়ের শতবর্ষ পূর্ণ হতেই অনীক দত্ত তৈরি করলেন ‘অপরাজিত’ (২০২২), অর্থাৎ দায়িত্ব নিয়ে মূর্তি নির্মাণ, ঠিক যেন সেই সংলাপটি খুব প্রযোজ্য হয়ে যায়, “এই ফিল্মটি দেখে লোকে পায় যেন টের, কত শক্তি ছিল পরিচালক সত্যজিতের”। ঠিক সেইভাবেই যেন উদ্যোগী হয়ে পড়েছেন অন্যান্য নির্মাতারা। ২০২৩-এ মৃণাল সেনের শতবর্ষকে মাথায় রেখে সৃজিত মুখোপাধ্যায় ‘পদাতিক’ বানাচ্ছেন। বেশ কয়েকবছর আগে কমলেশ্বর মুখোপাধ্যায় ঋত্বিক ঘটকের জীবন ও শিল্প ঘিরে নির্মাণ করেছিলেন ‘মেঘে ঢাকা তারা’। এছাড়াও বাংলায় আরও অসংখ্য বায়োপিক তৈরি হয়েছে। যেমন – ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে ‘গোলন্দাজ’ (২০২১), মিষ্টি নির্মাতা নবীণচন্দ্র দাসকে নিয়ে ‘রসগোল্লা’ (২০১৮), হীরালাল সেনের জীবন আধারে নির্মিত ‘হীরালাল’ (২০২১),  অপু চরিত্রখ্যাত অভিনেতা সুবীর ব্যানার্জির জীবন নিয়ে নির্মিত ‘অপুর পাঁচালি’ (২০১৪), সৃজিত মুখোপাধ্যায়ের বহু বিতর্ক ছবি ‘গুমনামী’ (২০১৯), জীবনানন্দ দাশের জীবন আধারে নির্মিত ‘ঝরা পালক’ (২০২২) এরকম আরও কত কী!

অপরাজিত

বায়োপিক যেমন খুব ভালো বাণিজ্য দিতে পারে, তেমনি একটি বায়োপিক বানাবার ঝক্কিও কম নয়। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি যে ধরনের বায়োপিক বানিয়ে অভ্যস্থ তা সবই ঘুরে ফিরে পিরিয়ড ড্রামার মধ্যে পড়ে যায়।

আপত্তি তখন তৈরি হয়, যখন কম বাজেটে এই ইন্ডাস্ট্রি বায়োপিক ও পিরিয়ড ড্রামা নির্মাণ করতে গিয়ে বেশ খানিকটা মুখ থুবড়ে পড়ে, যদিও সেই মুন্সিয়ানার দিক থেকে মোটামুটি একটা নজির অনীক দত্ত তাঁর ছবি ‘অপরাজিত’ দিয়ে তৈরি করতে পেরেছেন।

মেঘে ঢাকা তারা

সমস্যা হয় অন্যত্র। সিনেমা মাধ্যমটা প্রধানত চিত্রের মাধ্যম। সেখানে রাজত্ব দৃশ্যকল্পের। তাই গল্প বুনটের থেকেও জরুরি হয়ে পড়ে দৃশ্যের মাধ্যমে কীভাবে কোনো বিশেষ ব্যক্তিত্বের আকুতি তুলে ধরা যাচ্ছে কীনা। বায়োপিক নির্মাণের ক্ষেত্রে বিশেষ সাফল্য পেয়েছেন মার্কিন পরিচালক মার্টিন স্করসেসে। তাঁর ফিল্মোগ্রাফিতে এটাও স্পষ্ট হয়ে যায় যে, তিনি বায়োপিকধর্মী কাজে অত্যন্ত স্বচ্ছল। সময় অনুসারে তিনি অনেক বেশি সমকালীন মানুষের কথা বলতে সচেষ্ট হয়েছেন। ‘উলফ অফ ওয়াল স্ট্রিট’-এ স্করসেসে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। স্করসেসের আরেকটি ছবির উল্লেখ না করলে এই লেখা, এই বোঝা অসামাপ্ত থেকে যায়, তা হল ‘রাজিং বুল’ (১৯৮০), যা বায়োপিক তৈরির ইতিহাসে এক মাইলস্টোন। ডি নিরো আর স্করসেসে জুটি যে মুন্সিয়ানার সঙ্গে একজন বক্সারের ডিলেমা ও তার ক্রাইসিসকে এক্সপ্লোর করে তা সত্যিই অপূর্ব।

আরও এক উদাহরণ দেওয়া প্রয়োজন। অস্কার শিন্ডলার বলে এক জার্মান নাজির জীবনকাহিনি নিয়ে স্পিলবার্গ বানালেন ‘শিন্ডলার’স লিস্ট’ (১৯৯৩)। নাজিদের তীব্র ইহুদি বিদ্বেষ এবং তার বিপরীতে কীভাবে এক জার্মান ব্যবসায়ী সেই ইহুদিদের বাঁচাতে কীভাবে সচেষ্ট হয়েছিলেন, তারই দৃশ্যত রূপ হল এই ছবি। কিন্তু তাও অন্যান্য বহু বায়োপিকের থেকে এই ছবি আলাদা একটা ছোট্ট ট্রিটমেন্টের জন্য। যখন সারা বার্লিন শহরে ইহুদিদের ধরপাকড় চলছে, শহরের রাস্তায় এক অদ্ভুত ঢল নেমেছে, যেখানে লাখ লাখ ইহুদিদের গৃহছাড়া করা হচ্ছিল – এই গোটা দৃশ্যটি আমরা দেখতে পাই অস্কার শিন্ডলারের দৃষ্টিভঙ্গি থেকে। সেই দৃশ্যেই এক অদ্ভুত কাজ করে বসেন পরিচালক স্পিলবার্গ। রাস্তায় যখন ওইরকম ডামাডোল চলছে সেই সময় হঠাৎই ওই ভিড়ে দেখতে পাই একটি ছোট্ট মেয়েকে। সে লাল একটা কোট পড়ে সেই ডামাডোলের বাজারে ঘুরে বেড়াচ্ছে। কে সেই মেয়ে! দর্শক কী করে জানবে, যে পরিচালক কাকে বা কী ইঙ্গিত করছেন! এই যে দার্শনিক একটা ভাবনার স্তরে নিয়ে গেলেন স্পিলবার্গ, এটাই বোধহয় উন্নতমানের বায়োপিক নির্মাণের চাবিকাঠি।

স্পিলবার্গ পরিচালিত শিন্ডলার’স লিস্ট

কিন্তু বর্তমানে কলকাতার বাজারে যে সব বায়োপিক নির্মিত হচ্ছে, তার মধ্যে কোনোরকম শৈল্পিক মুন্সিয়ানার নিদর্শন দেখা যায়নি। সেক্ষেত্রে ভয়টা একটাই। তা হল বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে বানানো বায়োপিক তবে কি শুধুই টাকা কামানোর ফিকির বা ফর্মুলা হিসেবেই থেকে যাবে, নাকি সেখানে শৈল্পিক স্ফূরণ দেখবার সুযোগও মিলবে কোনো এক সময়?

____

*মতামত লেখকের সম্পূর্ণ নিজস্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আঘাত করা এ লেখার উদ্দেশ্য নয়।

Developed by DXDasia