যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাকন এবং বর্তমান পড়ুয়াদের উদ্যোগ
আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অভিনব উদ্যোগ নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান একঝাঁক পড়ুয়া। তহবিল সংগ্রহের জন্য তাঁরা প্রকাশ করেছেন এক পত্রিকা, যার পাতায় পাতায় ছড়িয়ে আছে রত্নভাণ্ডার।
অনলাইন পত্রিকাটির নাম নাম ‘Homebound ঘরে ফেরার গান’। এই সংখ্যার সবথেকে বড়ো আকর্ষণ নোয়াম চমস্কির অনন্য সাক্ষাৎকার। কবীর সুমন, সৃজিত মুখোপাধ্যায়, রোহিত সাহা, অনন্ত পাইনের সঙ্গে একান্ত আলাপচারিতা পত্রিকার পাতায় উঠে এসেছে। নন্দনা দেবসেনের অনুবাদে নবনীতা দেবসেনের দু’টি কবিতা আমাদের নতুন করে ভাবায়। কলম ধরেছেন দেবেশ চট্টোপাধ্যায়, অর্ক মুখোপাধ্যায়, শ্রীতমা চট্টোপাধ্যায়, অপেক্ষা প্রিয়দর্শিনী, কস্তুরী বসু এবং এবং আরও অনেকে। বাসব দাশগুপ্ত, রাহুল পুরকায়স্থ, মোহর ভট্টাচার্য প্রমুখের কবিতা; সায়ন্তন ঠাকুর, সুপ্রিয় মিত্র প্রমুখের গল্প এবং আরও নানান মণিমুক্তের সম্ভার এখানে পাবেন।

অনুদান সম্পর্কিত বিবরণ
প্রত্যূষ বড়ুয়া, চিরায়ত ভট্টাচার্য, শৌর্য সেনগুপ্ত প্রভৃতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের প্রাণবন্ত মেহনতের ফসল এটি। আপনিও অনলাইনে সংগ্রহ করতে পারেন এই পত্রিকা। তাতে আমফান বিধ্বস্তদের জন্য যেমন অর্থসাহায্য করার সুযোগ পাবেন, তেমনি আপনার হাতের মুঠোয় চলে আসবে এক বিরল খাজানা।