চালচিত্র একাডেমির উদ্যোগে একদিনের কর্মশালা
শিল্প আর স্বাদের বিরল মেলবন্ধন ঘটেছে মেদিনীপুরের খাবার গয়না-বড়িতে। তমলুক মহকুমায় গয়না-বড়ি দেখে কলাভবনে ছবি তুলে সাজিয়ে রাখতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলেছিলেন, “ইহার শিল্পনৈপুণ্য বিস্ময়জনক”। এর রূপে-গুণে মুগ্ধ হয়ে অবন ঠাকুর নাম রেখেছিলেন ‘নকসি বড়ি’। গয়না-বড়ির প্রশংসা শোনা গেছে সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ ছবিতেও। পূর্ব মেদিনীপুর এখনো ধরে রেখেছে তার এই সূক্ষ্ম শিল্পকর্মটিকে। তাদের এই আশ্চর্য কৌশলকে আরও জনপ্রিয় করার প্রত্যাশা নিয়েই চালচিত্র একাডেমির উদ্যোগে গত রবিবার ২৭ জানুয়ারি আয়োজিত হয়েছিল একদিনের গয়না-বড়ি কর্মশালা। দুই শিল্পী নিলীনা ঘোষ আর সুচেতা মণ্ডলের তালিমে বানানো হল রকমারি ডিজাইনের গয়না-বড়ি। ‘বঙ্গদর্শন’-এর পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন শ্রেয়ণ।