দ্য ফিলিং আই

গণেশ হালুইয়ের চিত্র প্রদর্শনী চলছে আকার প্রকার আর্ট গ্যালারিতে, ৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত

পঞ্চাশে তখন দেশের জমি ভাগ হয়ে গিয়েছে। ‘পার্টিশন’ শব্দটি তখন শুধুমাত্র একটা সীমারেখা নয়, এই শব্দ কার্যত তখন শিকড়হীনতার জ্বল জ্বলে প্রতীক। গণেশ হালুই কী আজও পেরেছেন ওই জমি হারানোর দিন থেকে বেড়িয়ে আসতে? এমন প্রশ্ন আসতে পারে আজও তাঁর ছবি দেখতে দেখতে। যেখানে ছবির পট বা ক্ষেত্র বারে বারেই আল বোনা জমি। আকার প্রকার আর্ট গ্যালারিতে চলছে গণেশ হালুইয়ের প্রদর্শনী। প্রবীণ এই শিল্পীর ছবির পরতে পরতে আল-জমির সবুজ জ্যামিতি।

একটা চোখে দেখা নিটোল জমির বন্ধন কার্যত আজ গণেশ হালুইয়ের ছবিতে বিমূর্ত জ্যামিতি। রেখা, বিন্দু, ত্রিভুজ সবকিছুই সেই বিমূর্ত জমিতে নিজেকে প্রকৃতির প্রতিবিম্ব হিসেবেই মেলে ধরতে চায়। আসলে রেখাই তখন গাছপালা, নদী, পাখি, জমির প্রতিনিধিত্ব করে নিজস্ব সরলতাকে সঙ্গে নিয়ে। তাছাড়া ছবি দেখতে দেখতে মনেই হয় যেন গোটা চিত্রপটকে আলজমি ভেবে নিয়ে এবার সেখানে শুরু হয় বস্তুর উপস্থিতি বা বস্তুর অনুপস্থিতি নিয়ে এক দ্বন্দ্বমূলক খেলা। এমন ভাবনারই এক গুচ্ছ রঙিন ও রেখাময় ছবি নিয়ে চলছে, আকার প্রকার আর্ট গ্যালারি (হিন্দুস্থান পার্ক) তে গণেশ হালুইয়ের চিত্র প্রদর্শনী। শুরু হয়েছে ৫ ডিসেম্বর থেকে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীর শিরোনাম – ‘দ্যা ফিলিং আই’।

Developed by DXDasia