
এবছর প্রচুর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে
মরসুমের প্রথম দিঘার ইলিশ মিলল সোমবার। এদিন কয়েকটি ট্রলার সমুদ্র থেকে ফিরেছে ইলিশ নিয়ে।
সোমবার ভোরে কয়েকটি ট্রলার পৌঁছয় দিঘা মোহনায়। অন্যান্য মাছের সঙ্গে কিছু ইলিশও ছিল সেগুলোতে। পরিমাণে কম হলেও ইলিশগুলির আকৃতি বেশ বড়ো। ওজন ৮০০ গ্রাম থেকে ১ কিলোগ্রামের মতো। দামও তুলনামূলকভাবে কম। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ৭০০ থেকে ৮০০ টাকা কিলো দরে সেগুলি বিক্রি হয়েছে। ৪টি ট্রলার মোট ৪৫০ কুইন্টাল ইলিশ নিয়ে ফিরেছে এই দিন।
দিঘার আগেই ডায়মন্ড হারবারে পাওয়া গিয়েছিল রুপোলি শস্য। কিন্তু দিঘার ইলিশ নিয়ে বাঙালির আলাদা উন্মাদনা রয়েছে। মৎসজীবীরা মনে করছেন, চলতি বছর প্রচুর ইলিশ পাওয়া যাবে। এখনও বেশিরভাগ ট্রলার এবং নৌকো সমুদ্র থেকে ফিরে আসেনি। সেগুলি ফিরলে বোঝা যাবে, বাজারে এবছর রুপোলি শস্যের জোগান বাড়বে কিনা।
