
আর্ট এক্সপোজারে চলছে চিত্রশিল্পী লালু প্রসাদ সাউয়ের প্রদর্শনী
নতুন বছরে নতুন উপহার। প্রিয় এবং ভালোবাসার শহর কলকাতা। শিল্প, সাহিত্য, রাজনীতি কোনোকিছুই থেমে থাকেনি যেখানে, বারবার সোচ্চার কণ্ঠে শিল্পীরা এগিয়ে এসেছেন। মানুষের কথা শুনতে চেয়ে তাদের হাত ধরেছেন, কখনও হয়ে উঠেছেন বন্ধু। চিত্রশিল্পী লালু প্রসাদ সাউ তাঁদেরই একজন। ষাট এবং সত্তরের দশক থেকে যার ছবি মূলত কথা বলতে চেয়েছে। সেই কথার সুতো বুনেছেন সাধারণ দর্শক। অর্থাৎ পাশের বাড়ির যে কেউ হতে পারে সেই ছবির বিষয়। যারা আমাদের খুব চেনা অথবা অচেনার মোড়কে শিল্পী খুব পরিচিত কিছু একটা ফুটিয়ে তুললেন। নতুন বছরে বালিগঞ্জের আর্ট এক্সপোজার আর্ট গ্যালারিতে এমনই একটি চিত্র প্রদর্শনীর সাক্ষী থাকছে কলকাতা। লালু প্রসাদ সাউয়ের সবচেয়ে প্রশংসিত কাজগুলি নিয়ে এই প্রদর্শনী। তত্ত্বাবধানে নানক গঙ্গোপাধ্যায়।

প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘The Stories We Tell Ourselves’। টেম্পেরা মাধ্যম ব্যবহার করে আঁকা তাঁর এই ছবিগুলিতে প্রকাশিত হয়েছে শিল্পীর উদার মানসিকতা। যারা ছবি আঁকতে এবং ছবি দেখতে ভালোবাসেন, তাঁরা নিশ্চয়ই দেখবেন। বিশ্বের দরবারে সবচেয়ে জনপ্রিয় ছবিগুলিই এখানে জায়গা করে নিয়েছে। সুতরাং গোটা গ্যালারি ঘুরলে বোঝা যাবে সবকটি ছবিই ভীষণরকমভাবে নজর কাড়ছে। লালু প্রসাদ সাউয়ের ছবির মধ্যে অদ্ভুত রকমের কিছু এক্সপ্রেশনিস্ট মুখ। লালু প্রসাদ সাউয়ের ছবির আরেকটি বৈশিষ্ট্য হল ছবির ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্যবহৃত ফিগারের রং-এর মিশেল। অদ্ভুত কন্ট্রাস্টে তৈরি হয় মায়াময় নৈসর্গিক সমাহার।

তিনি তুলে ধরেছেন প্রকৃতির শোভা, নানা দিক থেকে নানা মাত্রায় উন্মোচন করেছেন রং ও রেখার অন্তর্নিহিত সৌন্দর্য। কয়েকটি ছবির বিষয়বস্তু খুব চেনা। মানুষ, ফুল, গাছ, প্রকৃতি, নদী কিংবা নিসর্গ। এসব সাধারণ বিষয় থেকে গভীরতর ব্যঞ্জনা ও চিত্রকল্পের সৃজনে চলে গেছে বহু বহু ছবি।

নানক গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে গত ১১ জানুয়ারি থেকে আর্ট এক্সপোজার গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হয়েছে। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ছবি সৌজন্যে- আর্ট এক্সপোজার
