আজকের তারিখেই দেশের প্রথম মোবাইল কল করেছিলেন জ্যোতি বসু

২৫ বছর আগে এই দিনেই শুরু হয়েছিল ভারতের মোবাইল পরিষেবা

মোবাইল ফোন ছাড়া আমাদের সমাজ অচল। আজ থেকে ঠিক ২৫ বছর আগে ভারতে প্রথম মোবাইল কলিং হয়েছিল।

১৯৯৫ সালের ৩১ জুলাই। দিনটি ছিল সোমবার। কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে নয়া দিল্লির সঞ্চার ভবনে মোবাইল কল গেল। ফোনের একপ্রান্তে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, অন্য প্রান্তে তখনকার কেন্দ্রীয় মন্ত্রীসভার যোগাযোগমন্ত্রী সুখরাম। এভাবেই তৈরি হল ইতিহাস। সেদিন ভারতের প্রথম মোবাইল কলটি করেছিলেন জ্যোতি বসু।

১৯৯৪ সালে মোদি টেলস্ত্রার চেয়ারম্যান বিকে মোদির সঙ্গে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বৈঠক হয়। দেশের প্রথম মোবাইল নেটওয়ার্কের জন্য কলকাতাকে বেছে নিতে বিকে মোদিকে অনুরোধ করেছিলেন জ্যোতি বসু। মোদি টেলস্ত্রার চেয়ারম্যানও প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরের বছর আজকের তারিখে কলকাতা থেকেই দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থার সূচনা হয়। প্রথম সেই কলটি বিকে মোদির মোবাইলনেট নেটওয়ার্ক পরিষেবার সাহায্যে নোকিয়ার ফোন থেকে করা হয়েছিল। 

মোবাইল পরিষেবা চালু হলেও প্রথমে সাধারণ মানুষের কাছে তা সহজলভ্য হয়ে ওঠেনি। উচ্চবিত্তরাই ব্যবহার করতেন। তারপর ধীরে ধীরে আম-মানুষের নাগালে মোবাইল ফোন চলে আসতে থাকে। 

 

Developed by DXDasia