ইউরোপের দুর্লভ সম্মাননায় ভূষিত হলেন বাঙালি বিজ্ঞানী

বাঙালিদের মধ্যেই তিনিই প্রথম এই সম্মান লাভ করলেন

বাংলার মুকুটে যোগ হল বিশেষ এক পালক। জীববিজ্ঞানে আজীবন অবদানের জন্য বাঙালি বিজ্ঞানীকে বিরল সম্মাননা প্রদান করল ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশন (ইএমবিও অথবা এমবো)। 

বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস)-এর সিনিয়র প্রফেসর এবং সেন্টার ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার-এর অধিকর্তা সুমন্ত্র চট্টোপাধ্যায়ই প্রথম বাঙালি, যিনি এই সম্মানে ভূষিত হলেন। এই বিরল সম্মান প্রাপক প্রথম ভারতীয় স্নায়ুবিজ্ঞানী তিনিই। আগে ভারতের মাত্র চার জন বিজ্ঞানী আন্তর্জাতিক এই সম্মান লাভ করেছেন। মঙ্গলবার জার্মানির হাইডেলবার্গে এবছরের নতুন সদস্যদের নাম ঘোষণা করে এমবো। নতুন অ্যাসোসিয়েট সদস্য হয়েছেন ১১ জন, যেই তালিকার প্রথমেই রয়েছে সুমন্ত্র চট্টোপাধ্যায়ের নাম। 

সুমন্ত্রর গবেষণার বিষয় ‘ভয়’। তিনিই প্রথম জানিয়েছিলেন, আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস ও প্রিফন্ট্রাল কর্টেক্সে চাপজনিত ক্ষয়ক্ষতির থেকে দীর্ঘদিনের চাপে অ্যামিগডালার পরিবর্তন অনেকটা আলাদা। অটিজম গবেষণাতেও নতুন দিশা এনেছেন তিনি। 
 

Developed by DXDasia