পরিবেশরক্ষা ও মহিলাদের কর্মসংস্থান—দু’য়েরই বার্তা একটি ব্যাগে

পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ হাওড়ার মাধবপুরে

হলদেটে সাদারঙের আদ্যন্ত সাদামাটা দেখতে একটা ব্যাগ। কিন্তু, একইসঙ্গে পরিবেশরক্ষা এবং মহিলাদের কর্মসংস্থানের অস্ত্র হয়ে উঠছে এটি। সৌজন্যে হাওড়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতি।

মাধবপুর পরিবেশ চেতনা সমিতির প্রধান মুখ জয়িতা কুণ্ডু বলছিলেন, পরিবেশ ধ্বংসকারী পলিথিন-ব্যাগের ব্যবহার বন্ধ করতেই এই উদ্যোগ। পলিথিনের ব্যাগ বন্ধ করতে বললেই তো বন্ধ করবেন না কেউ। তার বিকল্প সামনে হাজির করতে হবে। সেই বিকল্পের খোঁজেই তৈরি হয়েছে সুতির তৈরি এই ব্যাগ। এর আগে দীর্ঘদিন ধরেই পলিথিন, প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ করার কথা বলে আসছেন তাঁরা। ‘গাছকে আঘাত করে ভোট নয়’ দাবিতে স্কুটিতে চেপে দীর্ঘ অঞ্চল পরিক্রমাও করেছেন জয়িতা কুণ্ডু ও যুথী পাত্র। তখনো বিভিন্ন থানায় তাঁরা পৌঁছে দিয়েছিলেন চারা গাছ এবং এই পরিবেশবান্ধব ব্যাগ।

জয়িতাদের দেখে ক্রমশ এই পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের দিকে ঝুঁকছেন এলাকাবাসীও। পাশেই বীরশিবপুরের একটি রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই ব্যাগই। জয়িতা কুণ্ডু বলছিলেন, বাজারে যাওয়ার সময় ব্যাগ সঙ্গে করে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাবেন তাঁরা। এতে পলিথিন-ব্যাগ ব্যবহারের প্রকোপ কমবে। সেইসঙ্গে তাঁরা আবেদন জানাচ্ছেন, পরিবেশের মুখ চেয়ে পরিবেশবান্ধব ব্যাগই যেন ব্যবহার করেন সবাই। 

এই ব্যাগের চাহিদা বাড়লে স্থানীয় মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। স্থানীয় অনেক মহিলাই সেলাইয়ের কাজ জানেন। তাঁদের দিয়ে এই ব্যাগ তৈরি করে পৌঁছে দেওয়া যাবে সর্বত্র। পরিবেশরক্ষা ও কর্মসংস্থান–দুইয়েরই বার্তা বয়ে আনছে এই পরিবেশবান্ধব ব্যাগ।

দেখতে সাধারণ হলেও আদতে খুব সাধারণ নয় সে।

ছবিঋণ: জয়িতা কুণ্ডু

Developed by DXDasia