বাংলার ‘ই-আবগারি’ ভারতসেরার শিরোপা পেল

ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার জিতল পশ্চিমবঙ্গ

আবার জাতীয় স্তরে বাংলার জয়জয়কার। উন্নত প্রযুক্তির সাহায্যে দ্রুত কাজ করে নজির গড়ল আমাদের রাজ্য। কেন্দ্রীয় সরকারের থেকে জিতে নিল এবছরের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার। ‘আদর্শ এবং উদ্ভাবনী উদ্যোগ’ বিভাগে দেশের মধ্যে সেরার স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গে সরকারের ‘ই-আবগারি’ প্রকল্প। শনিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ট্যুইট করে এই সুখবর রাজ্যবাসীকে জানিয়েছেন। 

একের পর এক সরকারি প্রকল্পকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে চলেছে পশ্চিমবঙ্গে সরকার। তাতে কাজ দ্রুত হচ্ছে, বাড়ছে স্বচ্ছতা। আমজনতাও লাভবান হচ্ছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন ডিজিটাল প্রকল্পের মধ্যে থেকে পুরস্কারের জন্য বেছে নিল আমাদের রাজ্যের অর্থ দপ্তরের অধীন ‘ই-আবগারি’ প্রকল্পকে। মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে জানান, বাংলার এই মডেল পাথেয় করেছে আরও ৭টি রাজ্য।

আগামী ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার গ্রহণ করবেন বাংলার প্রতিনিধিরা। ই-আবগারি প্রকল্পের সঙ্গে যুক্ত গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Developed by DXDasia