এবার অভিযোগ জমা পড়বে বাজারে

প্রত্যেক মহকুমায় ক্রেতা সুরক্ষা অফিস

গ্যাসের লাইন পেতে গিয়ে কোনো এক গৃহবধূ নাস্তানাবুদ হচ্ছেন। কিংবা সদ্য কলেজ পাশ করা এক যুবক নতুন মোবাইল ফোন কিনতে গিয়ে হয়েছেন প্রতারিত। এই সব নানা অভিযোগের সুরাহা করে থাকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর। সেই পরিষেবাকে নাগরিকদের আরও কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা শহরের প্রত্যেকটি বাজারে এবার বসানো হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তরের কমপ্লেন বক্স।

গত রবিবার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ক্রেতা সুরক্ষা মেলা। সেখানেই ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে এই কথা জানান। তিনি আরও জানান, চিকিৎসা, পুলিশ, ফ্ল্যাট কিনে প্রতারণা – যে ধরনের সমস্যাই হোক না কেন, সাধারণ মানুষ অভিযোগ জমা করতে পারবেন ওই কমপ্লেন বক্সে। ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগগুলি আসার পর সেগুলি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। নাগরিকদের সহায়তা করতে প্রত্যেক মহকুমায় ক্রেতা সুরক্ষা অফিস খোলার পরিকল্পনার কথাও বলেন তিনি। 

ক্রেতাদের অধিকার সুরক্ষিত করতে ইতিমধ্যেই কমপ্লেন বক্স চালু করেছিল কলকাতা পুরসভা। তখন সহযোগীর ভূমিকায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর। এবার ক্রেতা সুরক্ষা দপ্তর সরাসরি গোটা শহরে কমপ্লেন বক্স বসানোর ব্যবস্থা করলে সাধারণ মানুষের পণ্য ও পরিষেবা পাওয়ার অধিকার আরও মসৃন হবে বলেই মনে করছেন মহানগরবাসীরা।  
 

Post Tags
Developed by DXDasia